চ্যালেঞ্জ এখন টেস্ট সিরিজের

এক দিনের ম্যাচে গল্পটা যেমনই হোক, পাঁচ দিনের ম্যাচে বাংলাদেশের এখনো অনেক কিছুই প্রমাণের বাকি। কাল তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট দলে ডাক পাওয়া মুমিনুল, ইমরুল, তাইজুল, শহীদরা ঘাম ঝরালেন ব্যাটে-বলে। টেস্ট দলের সাকিব, সৌম্য, রুবেল ও মুস্তাফিজুর অবশ্য কাল অনুশীলনে আসেননি। ২১ জুলাই শুরু প্রথম টেস্টের দলের বাকি সব ক্রিকেটারই ছিলেন। পরশু চট্টগ্রামে এসে পৌঁছেছেন ডেল স্টেইনসহ দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের আট ক্রিকেটার। তাঁরাও কাল নিজেদের শাণিয়ে নিলেন ব্যাটে-বলে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট রেকর্ডটা অবশ্য বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের বললেও কম বলা হবে। এখন পর্যন্ত মুখোমুখি আট টেস্টের সব কটিতেই হার তো বটেই, বাংলাদেশ ইনিংস পরাজয়ই এড়াতে পেরেছে মাত্র একটি টেস্টে। মাহমুদউল্লাহ জানেন টেস্ট ক্রিকেট বাংলাদেশের জন্য কত বড় চ্যালেঞ্জ, ‘আমার মনে হয় টেস্টে এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। পাঁচ দিনের খেলায় প্রতিটি দিনই ধারাবাহিক ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ প্রথম টেস্টের জন্য ভালো একটা শুরুকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের মিডল অর্ডারের বড় ভরসা, ‘টেস্টের শুরুটা আমাদের ভালো করতে হবে। এটার ওপর অনেক কিছু নির্ভর করছে।’
তবে ওয়ানডেতেও তো দক্ষিণ আফ্রিকার সঙ্গে অতীতটা সুখকর ছিল না। মাহমুদউল্লাহ কাল সেটাকেই অনুপ্রেরণা করতে চাইলেন, ‘আশা করি, ওয়ানডেতে দল যেভাবে খেলেছে সেই আত্মবিশ্বাসটা আমরা টেস্ট সিরিজেও নিয়ে যেতে পারব।’
বাংলাদেশ এখন সে রকম কিছুরই অপেক্ষায়।