চ্যালেঞ্জটা জানেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

জিমনেসিয়ামে কিংবা মাঠে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরাচ্ছেন, কখনো ফুরফুরে মেজাজে ফুটবল নিয়ে মেতে উঠছেন—জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পটা দারুণ উপভোগই করছেন নাসির হোসেন। অনুশীলনে থাকা ৩০ জনের এই দলটা যখন ১১ জনে নেমে আসবে, হাসিটা অটুট থাকবে নাসিরের?
প্রশ্নটা উঠছে কারণ, এ বছর জাতীয় দলের হয়ে নাসির খেলার সুযোগই পেয়েছেন মাত্র দুটি ম্যাচ। সব ম্যাচে খেলার আশা থাকলেও সুযোগ তিনি পাননি, ‘এটা আসলে আমার হাতে নেই, এটা ম্যানেজমেন্টের বিষয়। অবশ্যই আমার লক্ষ্য থাকে ক্রিকেটের তিন সংস্করণেই খেলার।’
সীমিত ওভারের ক্রিকেটে বেশ কবারই ডাক পড়লেও নাসির টেস্টে অনিয়মিত প্রায় দুই বছর। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রায় এক বছরের বিরতি দিয়ে টেস্টে ফেরেন গত বছরের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে। অবশ্য বাংলাদেশ এরপর আর টেস্টই খেলেনি। লম্বা বিরতিতে টেস্ট খেলা কতটা কঠিন, সেটি বলতে গিয়ে নাসির নিজেই মনে করতে পারলেন না, সর্বশেষ কবে তিনি টেস্ট খেলেছেন, ‘টেস্ট অবশ্যই কঠিন। দেশের মাটিতে খেলা হলে ঠিক আছে, তবে বাইরে আমাদের জন্য একটু হলেও কঠিন। আমি সর্বশেষ কবে টেস্ট খেলেছি, মনে নেই!’

ওয়ানডেতে গত বছরটা অবশ্য নাসিরের গেছে ‘মনে রাখার’ মতোই। নিজেকে তুলে ধরেছেন দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে। এখন অবশ্য দলে অলরাউন্ডার তিনি একাই নন, আছেন মাহমুদউল্লাহ-শুভাগত হোমও। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ৫ ফিফটিতে ৭৭.৭৫ গড়ে ৬২২ রান ও ১৫ উইকেট নিয়ে মোসাদ্দেক হোসেনও আগমনীবার্তা জানান দিচ্ছেন উচ্চ স্বরে। এত অলরাউন্ডারের ভিড়ে জায়গা করে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। নাসির এটি বিলক্ষণ জানেন, ‘শুধু আমার নয়, সবার জায়গাই এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন অনেক পারফরমার আছে। জাতীয় দলে এখন কেউ বলতে পারবে না যে এই জায়গা আমার। সবার জন্যই দল উন্মুক্ত। কে কখন জাতীয় দলে ঢুকবে বলা কঠিন। সব জায়গায় প্রতিযোগিতা অনেক বেড়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম আড়াই বছর নাসিরের জন্য দারুণ গেছে। দলে অনিয়মিত হতে শুরু করেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। দলে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে ঠিকই, এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কতটা তৈরি তিনি? ব্যর্থতা অবশ্য আড়াল করছেন না নাসির, ‘ক্রিকেটারদের জীবনে সব মৌসুম এক যায় না। আমিও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমিও চাইনি এমন প্রতিযোগিতার মধ্যে যেতে। তবে চেষ্টা থাকবে যেন আর এমন প্রতিযোগিতায় না যেতে হয়।’