চ্যালেঞ্জটা নিচ্ছেন মুমিনুল

মেঘলা আকাশ, চারপাশ ঘোলাটে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই ছিল মিরপুরে পরশুর আবহাওয়া। কাল বৃষ্টি হয়নি। কিন্তু যথারীতি সূর্যের দেখা নেই, গুমোট চারপাশ। শিরশিরে বাতাস, কনকনে শীত। দুই দিন ধরে বাংলাদেশ দল অনুশীলন করছে যেন ইংলিশ কন্ডিশনে!
তবে বিশ্বকাপ তো ইংল্যান্ডে নয়। প্রকৃতির উপহারে তাই খুব খুশি হওয়ার কারণ নেই। ভাবনায় তো এখন অস্ট্রেলিয়ান কন্ডিশন! মেলবোর্ন-সিডনিতে তাপমাত্রা এখন ৪০-এর আশপাশে। তবে সেটি তো সমস্যা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। সমস্যার নাম বাউন্স। অস্ট্রেলিয়ান বাউন্স! বাংলাদেশের প্রস্তুতির বড় অংশজুড়ে আছে শর্ট বল খেলা। কোচিং স্টাফদের পরিকল্পনা তো আছেই, ব্যাটসম্যানদের অনেকে নিজের মতো করেও প্রস্তুতি নিচ্ছেন। শর্ট বল ভাবাচ্ছে সবাইকেই। তবে মুমিনুল হককে হয়তো একটু বেশিই!
উচ্চতা (মানে কম উচ্চতা) একটা বাধা হয়ে আছে। প্রাকৃতিক এই বাধার সঙ্গে আছে মনুষ্যসৃষ্ট প্রতিবন্ধকতা। গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে হঠাৎ চাউর হলো শট বলে দুর্বল মুমিনুল। কোত্থেকে, কীভাবে ছড়াল বা ছড়ানো হলো, সেটি নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছে। ধোঁয়াশা কাটেনি এখনো। কাটেনি সংশয়টাও। বাস্তবতা হলো, বাংলাদেশের হাতে গোনা ২-৩ জন ছাড়া শর্ট বলে অকূলপাথারে পড়ে যান সবাই। কিন্তু উচ্চতার কারণেই কি না, অণুবীক্ষণযন্ত্রের নিচে বেশি থাকেন মুমিনুল। দল যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, প্রশ্নগুলো উচ্চকিত আবার। আসলেই শর্ট বলটা কেমন খেলেন মুমিনুল?
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওই সময়টায় যখন মুমিনুলের ‘শর্ট বল দুর্বলতা’ বাংলাদেশ ক্রিকেটের জাতীয় সমস্যা হয়ে দাঁড়াল, সব দেখেশুনে আকাশ থেকে পড়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের জাতীয় দলের সাবেক সহকারী ও ফিল্ডিং কোচ বিকেএসপিতে ছিলেন মুমিনুলের কোচ। বিকেএসপি ছাড়ার পর একাডেমিতেও একান্তে কাজ করেছেন মুমিনুলের ব্যাটিং নিয়ে। সালাউদ্দিন তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘ওর ব্যাটিং খুব ভালো করে চিনি বলেই জানি, বাংলাদেশে ওর চেয়ে ভালো শর্ট বল খেলতে পারে ২-১ জন। শর্ট বল বরং আরও ভালো খেলে মুমিনুল!’
মুমিনুল বরাবরই অন্তর্মুখী, কথার খই ফোটে না কোনো বিষয়েই। এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে তো আরও কথা বলতে চান না। তবে কাল একটু হলেও খুলে দিলেন মনের দুয়ার, ‘কেউ কিছু বললে লাভ নেই। আমাকেই প্রমাণ করতে হবে সেটি। আমি ভালো খেললে আপনারাই বলবেন যে ভালো খেলি। তবে আমার এমন কোনো লক্ষ্য নেই যে দেখিয়ে দিতে হবে পুল ভালো খেলি।’
দেখানোর ইচ্ছে নেই বলছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে যে না দেখিয়েও উপায় নেই! মুমিনুলও সেটা ভালো করেই জানেন। এ জন্যই প্রস্তুত হচ্ছেন সেভাবে, ‘অস্ট্রেলিয়ার উইকেটের কথা মাথায় রেখে চেষ্টা করছি সেভাবে অনুশীলন করতে। বাউন্স খেলার জন্য অনুশীলন করছি। ব্যাকফুটে খেলা, পুল-কাট এসব অনুশীলন করছি।’
ক্রিকেট ইতিহাস বলছে, টেকনিকটা জানা থাকলে শর্ট বল খেলতে উচ্চতা খুব একটা সমস্যা নয় না। কত কত কিংবদন্তি আছেন কম উচ্চতা নিয়ে শর্ট বলকে শাসন করেছেন! মুমিনুলও অনেকটা অনুপ্রেরণা মানেন তাঁদের, ‘খেলা দেখলে অনেক কিছু শেখা যায়। কম উচ্চতার অনেকেই খুব ভালো খেলত শর্ট বল। আমি চেষ্টা করি তাঁদের দেখে শিখতে।’
শর্ট বল খেলা নিয়ে সেই ‘সংশয়ের’ পরও টেস্টে তিনি এখন দলের সবচেয়ে বড় ভরসার নাম। তবে ওয়ানডেতে জায়গাটা পোক্ত করতে পারেননি এখনো, খেলতে পারেননি বড় ইনিংস। তিনিও অবশ্য অভিযোগ করতে পারেন পর্যাপ্ত ও লম্বা সময় সুযোগ না পাওয়ার! সেই সুযোগটা বিশ্বকাপে পেলে কাজে লাগাতে চান মুমিনুল, ‘দল যেখানে চাইবে, সেখানেই ব্যাট করব। আমার ব্যক্তিগত পছন্দ নেই। তবে টপ অর্ডারে সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব বড় ইনিংস খেলার। ঘাটতির জায়গাটা পূরণ করার।’
শর্ট বল খেলার চ্যালেঞ্জটা জিতলে এই চ্যালেঞ্জ জয়ের পথেও এগিয়ে যাবেন অনেকটা!