
অথচ মাস তিনেক আগেও ছবিটা অন্য রকম ছিল। তখন মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা শুধু টেস্ট ক্রিকেটের এক নম্বর দলই নয়, শীর্ষ থেকে তাদের খুব শিগগির কেউ নামাতেও পারবে না।
নভেম্বর–ডিসেম্বরে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হার সেই ছবিটা কী ভীষণভাবেই না পাল্টে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা এখনো এক নম্বরই আছে। তবে সেখান থেকে অবনমন শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান চার টেস্টের সিরিজে প্রোটিয়ারা পিছিয়ে ১-০ ব্যবধানে। জোহানেসবার্গে আজ থেকে শুরু সিরিজের তৃতীয় টেস্টটাও হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার সিরিজ হার। তখন আর এক নম্বরে থাকতে পারবে না এবি ডি ভিলিয়ার্সের দল, নেমে যাবে দুই কিংবা তিনে!
ও হ্যাঁ, দলটা এখন এবি ডি ভিলিয়ার্সেরই। কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পরই আকস্মিক নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাশিম আমলা। এটাও ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি সিরিজে দলের টানা বাজে পারফরম্যান্সের ফলে তৈরি হওয়া চাপের কারণেই হয়তো।
শীর্ষস্থান ধরে রাখতে হলে এই সিরিজটা অন্তত ড্র করতে হবে, আর সেটি করার জন্য জোহানেসবার্গে হারা যাবে না কিছুতেই। কঠিন এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা পরশু শুনেছে আরও একটা দুঃসংবাদ। এই টেস্টেও দলের এক নম্বর পেসার ডেল স্টেইনকে পাওয়া হচ্ছে না। কাঁধের চোট স্টেইনকে খেলতে দেয়নি কেপটাউনে। আশা ছিল জোহানেসবার্গে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি প্রোটিয়া পেসার।
স্টেইনকে না পাওয়াটা দক্ষিণ আফ্রিকার জন্য এমনিতেই বড় ধাক্কা, বিশেষ করে জোহানেসবার্গে খেলা বলে সেটি আরও বেশি করেই। ঐতিহ্যগতভাবে এ মাঠ পেসারবান্ধব। সর্বশেষ ২০ বছরে এখানে একবারও ইনিংসে ৫ উইকেট পাননি কোনো স্পিনার। অথচ ১৯৯২ সালের পর পেসাররা এ মাঠে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৬ বার, ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ২৩ বার! এই সময়ে বিশ্বের আরও কোনো মাঠে এত বেশিবার ম্যাচে ১০ উইকেট পাননি পেসাররা। কোনো সন্দেহ নেই, স্টেইন না থাকায় দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে মরনে মরকেল-কাইল অ্যাবটের।
ইংল্যান্ডের অবশ্য এতসব দুশ্চিন্তার কিছু নেই। বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জো রুট আর নিক কম্পটনরা রানের মধ্যেই আছেন। জেমস অ্যান্ডারসন এখনো স্বরূপে ফিরতে পারেননি, তবে সেটা পুষিয়ে দিয়েছেন স্টিভ ফিন আর স্টুয়ার্ট ব্রডরা। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক যদি জোহানেসবার্গেই সিরিজ নিশ্চিত করে ফেলার কথা ভেবে থাকেন, সেটা বাড়াবাড়ি হবে না। পরিসংখ্যান বলছে, ১৯৯২ সালের পর জোহানেসবার্গে ২৪ টেস্ট খেলে জিতেছে ১০টি, হেরেছে ৮টি। বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর বিশ্বের আর কোনো মাঠেই এত বেশি টেস্ট হারেনি দক্ষিণ আফ্রিকা! ক্রিকইনফো।
জোহানেসবার্গে দুই দল
টেস্ট ৮
দক্ষিণ আফ্রিকার জয় ৩
ইংল্যান্ডের জয় ২
ড্র ৩