চ্যালেঞ্জের অপেক্ষায় ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

কদিন আগেই গুঞ্জন উঠল, টানা খেলার ধকলটা নিতে পারছেন না। তিন সংস্করণের ক্রিকেটের কোনো একটি থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন, এমনও শোনা গিয়েছিল। এবি ডি ভিলিয়ার্স অবশ্য দাবি করেছিলেন, বিশ্রামের প্রয়োজন নেই তাঁর। এখন বোধ হয় সেটা আর পাওয়া হচ্ছে না, আরও গুরুদায়িত্ব যে এখন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানের কাঁধে। ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কও এখন ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের বিপক্ষে অবশিষ্ট দুই টেস্টেই নেতৃত্ব দেবেন।
ডারবান টেস্টে অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর জন্য উইকেটের পেছনেও দাঁড়িয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ওই টেস্টে ব্যর্থতার পর কেপটাউনে আর গ্লাভস পরেননি। এখন আবার অধিনায়কত্বের বাড়তি চাপ। ডি ভিলিয়ার্স নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিতই, ‘আমি আগেই বলেছি, দক্ষিণ আফ্রিকাকে যেকোনো সংস্করণে নেতৃত্ব দেওয়াই বিরাট এক সম্মান। এই অধিনায়কত্ব খুব স্বল্প সময়ের মধ্যে এসেছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ হলো।’
৭৬টি ওয়ানডেতে নেতৃত্ব দিলেও এখনো সাদা পোশাকে টস করতে নামা হয়নি। ওয়ানডেতে রেকর্ডটা অবশ্য মন্দ নয়, ৪৪টিতেই জিতেছেন। আর অধিনায়কত্ব যে বাড়তি চাপ নয়, সেটিও প্রমাণ করেছেন। ওয়ানডের অধিনায়ক হওয়ার আগে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৪.২১, অধিনায়ক হওয়ার পর সেটি বেড়ে হয়েছে ৬৯.২৮। ডি ভিলিয়ার্স এ কারণেই হয়তো বেশি উদ্দীপ্ত, ‘এই টেস্ট দলটা খুবই নিবেদিতপ্রাণ। আশা করছি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারব। চ্যালেঞ্জটা নিতে আমি সাগ্রহে অপেক্ষা করছি। আর হাশিম আমার খুব ভালো সতীর্থ, ওর কাছে আমি কৃতজ্ঞ।’
১৪ জানুয়ারি জোহানেসবার্গ টেস্টে শুরু হবে ডি ভিলিয়ার্সের প্রথম পরীক্ষা। এনডিটিভি।