চ্যালেঞ্জের সিরিজে 'চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট বিসিএলে খেলতে দেয়নি মুশফিক ও তামিমকে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য গতকাল অনুশীলন শুরুর দিনেই অবশ্য ছিলেন তাঁরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির। অনুশীলনের ফাঁকে সেটাই পড়ে নিচ্ছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত অবশ্য মায়ের অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি মাশরাফি l শামসুল হক
চোট বিসিএলে খেলতে দেয়নি মুশফিক ও তামিমকে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য গতকাল অনুশীলন শুরুর দিনেই অবশ্য ছিলেন তাঁরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির। অনুশীলনের ফাঁকে সেটাই পড়ে নিচ্ছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত অবশ্য মায়ের অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি মাশরাফি l শামসুল হক

খেলাটা যখন নিজেদের মাঠে, তখন বাংলাদেশের বড় অস্ত্রও তো স্পিনই। কিন্তু প্রতিপক্ষ যে ভারত! একে তো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের একটি, তার ওপর স্পিনটা ভারত ‘খারাপ’ খেলে বলে শোনা যায় না। আর সে কারণেই আসন্ন সিরিজে বোলিং করাটা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তবে সেই চ্যালেঞ্জ নিতে অবশ্য তিনি তৈরি।
মাত্র ৭ টেস্টের ছোট ক্যারিয়ার। তাতেই তাইজুল নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তাঁর মধ্যে বাংলাদেশের স্পিনের ভবিষ্যৎ দেখছেন অনেকে। ওয়ানডেতে এখনো জায়গা পাকা করতে পারেননি। তবে টেস্ট অভিষেকের পর থেকেই দলে নিয়মিত নাটোরের এই তরুণ। অল্পদিনের টেস্ট ক্যারিয়ারেই ৩০.৭৪ গড়ে ৩৫ উইকেট নিয়ে বুঝিয়েছেন আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। সেটির একটি পরীক্ষা হতে পারে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। ভারতের স্পিন ভালো খেলার ঐতিহ্যের কারণেই এবার বাংলাদেশি স্পিনারদের জন্য কাজটা বেশ কঠিন হবে বলে মনে করেন তাইজুল। ভারত সিরিজের জন্য অনুশীলন শুরুর দিনে কাল মিরপুর স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে বল করাটা অনেক চ্যালেঞ্জের হবে। কারণ তারা ভালো স্পিন খেলে। তবে আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আসলে যখনই আপনি কোনো বড় দলের বিপক্ষে খেলবেন, ঝুঁকি নিতেই হবে। আমি পাকিস্তানের বিপক্ষে বোলিং করেছি, তারাও স্পিন ভালো খেলে। আশা করি, এবারও খারাপ হবে না।’

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম

বিসিএল শেষ হওয়ার এক দিন পরই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ দল। তবে কাল প্রস্তুতিটা শুধু ফিটনেস ট্রেনিংয়েই সীমাবদ্ধ ছিল। এখনো দলের সঙ্গে যোগ দেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দুই বোলিং কোচ হিথ স্ট্রিক ও রুয়ান কালপাগে। ট্রেনার মারিও ভিলাভারায়ণের অধীনেই তাই অনুশীলন হলো খেলোয়াড়দের। ইনজুরির কারণে বিসিএল না-খেলা সাকিব, তামিম, মুশফিক ও রুবেল যোগ দিয়েছিলেন অনুশীলনে। ছুটি কাটিয়ে হাথুরুসিংহে আর অন্য দুই কোচ ফেরার পর শুরু হবে ব্যাট-বলের অনুশীলন। পাকিস্তান সিরিজের পর খুব বেশি সময় যায়নি বলে আত্মবিশ্বাসটা এখনো টগবগে। ভারতের বিপক্ষে দলে জায়গা হলে যেন সেরাটাই দিতে পারেন সে জন্য তাইজুলও প্রস্তুত করছেন নিজেকে, ‘আমি বিসিএলে (শেষ রাউন্ড) ৫ উইকেট পেয়েছি। এটি আমার আত্মবিশ্বাস বাড়াবে। জাতীয় ক্রিকেট লিগ, বিসিএলে অনেক ম্যাচ আমরা খেলেছি ফতুল্লায়। অনেক সময় এখানে স্পিনবান্ধব উইকেট হয়। এই মাঠ আমার জন্য সৌভাগ্যের। আশা করি, সুযোগ পেলে আমি নিজের সেরাটা দিতে পারব।’