ছক্কায় দুর্ঘটনা
হাঁকিয়েছিলেন ডেভিড মিলার। বলটা গিয়ে পড়ে একেবারে গ্যালারিতে বসা কলকাতা পুলিশের এক সদস্যের চোখে। অলোক আইচ নামের সেই ভদ্রলোক কলকাতা পুলিশের কনস্টেবল, কাজ করেন পুলিশের গাড়িচালক হিসেবে। ৯ মে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএলের ম্যাচের সময় ওই দুর্ঘটনায় নিজের ডান চোখটা হারিয়েছেন আইচ। এখনো চিকিৎসা চলছে তাঁর। পরে ঘটনাটা শুনে খুব দুঃখ পেয়েছেন পাঞ্জাবের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মিলারও, ‘অলোকের সঙ্গে যা হয়েছে তাতে আমি স্তম্ভিত। এ এক অস্বাভাবিক দুর্ঘটনা! আমার প্রার্থনা থাকল তাঁর জন্য।’ এই সমবেদনা অবশ্য আইচের পরিবারের দুর্দশা কমাতে পারছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এক চোখে দেখতে না পেলে কলকাতা পুলিশ তাঁকে আর চাকরিতে রাখবে কি না সেটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তাঁর পরিবার। ইন্ডিয়ান এক্সপ্রেস।