ছক্কার সেঞ্চুরি হয়ে গেল তামিমের

মাইলফলকটা তিনিই ছোঁবেন, এটা যেন জানা ছিলই। সেটি তো আরও স্পষ্ট হয়ে যায় গত কদিনে। আজ প্রশ্ন ছিল—এই ম্যাচেই কি হয়ে যাবে তামিম ইকবালের সেই সেঞ্চুরি। সিকান্দার রাজাকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন। আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে গেল ছক্কার সেঞ্চুরি।
এর মধ্যে টেস্টে তামিমের ছক্কা ২৭টি, ওয়ানডেতে ৬২, সিকান্দার রাজাকে মারা ছক্কাটি টি-টোয়েন্টিতে তাঁর ১১তম। হানড্রেড!
বাংলাদেশিদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে দুই আছেন মুশফিকুর রহিম। মজার ব্যাপার হলো, তিনে যাঁর নাম প্রত্যাশা করছেন সেই সাকিব আল হাসান (৭০) কিন্তু আছেন চারে। তিনে তাহলে কে? ৮৯টি ছক্কা নিয়ে সেখানে মাশরাফি বিন মুর্তজা!
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৪৯৯ ইনিংসে ব্যাট করে ৪৬৭টি ছক্কা হাঁকিয়েছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে চার শর বেশি ছক্কা আর আছে কেবল গেইলের। ৪৮৯ ইনিংসে গেইল মেরেছেন ৪২৩টি ছক্কা। গেইলের চেয়ে আফ্রিদি ৪৪ টি ছক্কা বেশি মেরেছেন, কিন্তু ব্যাট করেছেন মাত্র ১০ইনিংস বেশি। ৪৬৫ ইনিংসে ম্যাককালামের ছক্কা ৩৮১টি।
৩৫২টি ছক্কা নিয়ে চারে আছেন সনাৎ জয়াসুরিয়া। তিনি অবশ্য খেলেছেন ৬৫১টি ইনিংস। ‘মাতারা হারিকেন’ অবশ্য বলতে পারে, ‘ছক্কার খেলা টি-টোয়েন্টি তো পেলামই ক্যারিয়ারের শেষ দিকে এসে। সেটিও খুব একটা খেলার সুযোগ পেলাম কই।’ ৪২৭ ইনিংসে ২৯১টি ছক্কা মহেন্দ্র সিং ধোনির। এ সময়ের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ৪১৬ ইনিংসে ছক্কা মেরেছেন ২৬৭টি। মাত্র কদিন আগে তিনি ছক্কা সংখ্যায় পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে (২৬৪টি)।
আলাদা আলাদা ফরম্যাট ধরলে টেস্টে সর্বোচ্চ ১০০ ছক্কার দুই মালিকের নাম তো আগেই জেনেছেন। ওয়ানডেতেও ছক্কা হাঁকানোর রাজা কিন্তু আফ্রিদি। ৩৫১টি ছক্কা আছে তাঁর। আর কারও তিন শ ছক্কাই নেই। তবে টি-টোয়েন্টিতে ছক্কার রাজা ম্যাককালাম (৯১টি)। ৬৪টি ছক্কা নিয়ে আফ্রিদি আছেন এই তালিকার ছয়ে।