টি-টোয়েন্টিতে বোলারদের পিটুনি খাওয়াটাই ভবিতব্য। কাল সিডনিতে যেমন খেললেন ভারত-অস্ট্রেলিয়া দুই দলের বোলাররা। আর এই ম্যাচে বোলার নিগৃহে সামনে থেকে নেতৃত্ব দিলেন শেন ওয়াটসন। ৭১ বলে তাঁর ১২৪ রানের ইনিংসে ৬টি ছয়। এর ৩টিই রবীন্দ্র জাদেজাকে মেরেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাদেজাকে এই নিয়ে ৬টি ছক্কা মারলেন ওয়াটসন। ওয়াটসনের চেয়ে কোনো নির্দিষ্ট বোলারকে বেশি ছক্কা মেরেছেন মাত্র একজন ব্যাটসম্যান—মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান বাংলাদেশের রুবেল হোসেনকে তিন ম্যাচে ৭টি ছয় মেরেছেন। কোনো বোলারকে ৬ ছক্কা মেরেছেন ওয়াটসন ছাড়া আরও চারজন। ভারতের যুবরাজ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল নিউজিল্যান্ডে ডগলাস ব্রেসওয়েলকে, কেনিয়ার রাকেপ প্যাটেল হল্যান্ডের মাইকেল রিপনকে ও হল্যান্ডের টম কুপার আয়ারল্যান্ডের জর্জ ডকরেলকে।