ছন্দে ফিরছেন তারকারা
পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গভীর মনোযোগে ব্রাদার্স-কলাবাগান ক্রিকেট একাডেমির খেলা দেখছিলেন তামিম ইকবাল। খানিক পরপর মুঠোফোনের স্কোরকার্ডে বিকেএসপির ম্যাচটিতে চোখ রাখছিলেন আবাহনী অধিনায়ক। সেখানে চলছিল মোহামেডান-ভিক্টোরিয়ার ম্যাচ। মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরি দেখে বেশ খুশিই হলেন তামিম, ‘বন্ধু সেঞ্চুরি করেছে, এবার মুমিনুল ভালো রান করলেই হয়!’
মুমিনুল হক হতাশ করেননি তামিমকে। পরিস্থিতির দাবি মেনে খেলেছেন ৬৭ রানের ইনিংস। দলও জিতেছে ২ উইকেটে। ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েই এই বাঁহাতি ব্যাটসম্যান শুরু করেছেন এবারের ঢাকা লিগ। প্রথম ম্যাচে ১৩ রানে আউট হলেও মোহামেডানের বিপক্ষে ফিরেছেন ছন্দে। একটু কি স্বস্তিবোধ হচ্ছে? অল্পেই তুষ্ট হওয়ার খেলোয়াড় তিনি নন। মুমিনুলের পাল্টা প্রশ্ন, ‘ক্রিকেটারের আবার স্বস্তি কিসের? তবে শুরুর দিকেই রান পেয়েছি, ভালো লাগছে।’
মুমিনুলের রানে ফেরার দিনে এই লিগে নিজের প্রথম সেঞ্চুরি উপভোগ করতে পারেননি মুশফিক। তাঁর দল হেরেছে ভিক্টোরিয়ার কাছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুশিই হওয়ার কথা মুশফিকের। প্রথম ম্যাচে ৭২ রান করার পর পরেরটিতে ১০৪, মৌসুমকে রাঙিয়ে দেওয়ারই ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
লিগে মুশফিক-মুমিনুলের মতো আলো ছড়াচ্ছেন অন্য তারকারাও। শেখ জামালের বিপক্ষে তামিম আউট হয়েছেন ৯০ রান করে। তবে তামিমের চেয়ে আক্ষেপ বেশি হওয়ার কথা নাসির হোসেনের।
২২ এপ্রিল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তিনি নামার আগেই ম্যাচ শেষ! পরের ম্যাচে যখন নামলেন, ততক্ষণে ২৭.৩ ওভার শেষ। ৫ নম্বরে নেমে যতটুকু সুযোগ পেয়েছেন, সেটি কাজে লাগিয়েছেন নাসির। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়ার আফসোসে পুড়তে হয়েছে তাঁকে। তিন অঙ্ক ছুঁতে না পারলেও ৭৫ বলে ৯৭ রান করে একটা তৃপ্তিও পেয়েছেন নাসির, ‘অবশ্যই ভালো লেগেছে। আত্মবিশ্বাসটা বেড়েছে। সর্বশেষ কবে এত বল খেলার সুযোগ পেয়েছি, ঠিক মনে করতে পারছি না।’
আরেকটু আগে নামতে পারলে হয়তো বল-সময় আরও বেশি পেতেন। বিষয়টি কোচের ওপরই ছেড়ে দিচ্ছেন নাসির, ‘ওপরে ব্যাটিং করতে চাই। কিন্তু কোচের চাওয়া আমি পাঁচেই ব্যাটিং করি। এই পজিশনে ব্যাটিং করার মতো দলে সিনিয়র কেউ নেই।’
তামিম, মুশফিক, মুমিনুল, নাসিররা সুযোগের সদ্ব্যবহার করলেও সৌম্য সরকারের ব্যাটে এখনো রানখরা চলছে। বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার এখন ছন্দে ফিরলেই হয়।