ছবিই যখন গল্প...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিই যখন গল্প...
ছবিই যখন গল্প...

একটা ছবিই কখনো কখনো হয়ে ওঠে একটা পুরো গল্প, কিংবা তার চেয়েও বেশি কিছু। শূন্যে শরীর ভাসিয়ে ডোয়াইন ব্রাভোর নেওয়া এই ক্যাচের ছবিটাই দেখুন না। এক ঝটকায় আপনার মনে পড়ে যাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ওই ম্যাচটার কথাও। জেমস ফকনারের ক্যাচটা নিলেন ব্রাভো, আর ক্যামেরায় সেই অবিশ্বাস্য মুহূর্তটা ধরে রাখলেন গেটি ইমেজেসের আলোকচিত্রী ম্যাথু লুইস। দুর্দান্ত এ ছবিটি জিতে নিয়েছে উইজডেন-এমসিসির ২০১৪ সালের সেরা ক্রিকেট-ছবির পুরস্কারও।
অনেক দিন ধরেই ক্রিকেটের বর্ষসেরা ছবিকে যৌথভাবে পুরস্কৃত করে আসছে উইজডেন-এমসিসি। গত বছরের দ্বিতীয় সেরা ছবি হয়েছে ফেব্রুয়ারিতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিন শেষে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার মুহূর্ত। এ ছবিটিও তুলেছেন গেটি ইমেজেসেরই আরেক আলোকচিত্রী মরনে ডি ক্লার্ক। রোদ-ছায়ার খেলা যেন ছবিটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত। দ্বিতীয় রানারআপ হওয়া ছবিটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফতুল্লায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচেই দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের বলে উড়ে গিয়েছিল বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান নূরুল হাসানের স্টাম্প। বোল্ড হওয়ার পর নূরুলের শূন্য দৃষ্টি আর উড়ন্ত স্টাম্পের ছবিটা তুলেছিলেন ম্যাথু লুইসই। উইজডেন-এমসিসির ইতিহাসেও এই প্রথম কোনো আলোকচিত্রী একই সঙ্গে সেরা ছবি ও রানারআপ দুই বিভাগেই পুরস্কার জিতলেন। লর্ডস ডটঅরগ।