ছবিটা দিয়ে সাকিব কী বুঝিয়েছেন
সাকিব আল হাসান রহস্য করতে পছন্দ করেন। নতুন বছরের প্রথম দিনে তেমনই কি এক রহস্য করলেন বাংলাদেশ অলরাউন্ডার? নাকি বছরের প্রথম দিনেই বড় এক চমক দিলেন সাকিব?
গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলার সময় শ্বশুরের অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। এখনো তিনি সেখানেই আছেন। আজ বাংলাদেশ সময় বেলা দুইটার দিকে সাকিব নিজের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানসম্ভবা। সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
ব্যাপারটি পুরোপুরি খোলাসা করেননি সাকিব। তবে মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সবার প্রশ্ন, তাহলে কি সাকিব তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন? অবশ্য তাঁর ভক্ত-সমর্থক কিংবা সতীর্থরা এরই মধ্যে ছবির মন্তব্যঘরে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁর জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেন যেমন লিখেছেন, ‘অভিনন্দন ভাই।’ সন্ধ্যা ৬টা পর্যন্ত ছবিতে প্রতিক্রিয়া ৩ লাখের ওপর, মন্তব্য পড়েছে ৩০ হাজার আর শেয়ার হয়েছে ৫ হাজারের বেশি!
আসলেই সাকিব তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন, নাকি পুরোনো ছবি নতুন করে পোস্ট করেছেন, বিষয়টি নিশ্চিত হতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে হলে কেউ খোলাসা করে কিছু বলতে চাননি। সাকিব-শিশির দম্পতি বিয়ে করেছেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে দুজনের ঘর আলো করে আসে তাঁদের প্রথম সন্তান আলাইনা হাসান। গত ২৫ এপ্রিল মহামারির অবরুদ্ধ সময়ে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যাসন্তান ইরাম হাসানের বাবা হন সাকিব।
এপ্রিলের শুরুতেও সাকিব এভাবেই ফেসবুকে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি সন্তানের বাবা হতে যাচ্ছেন। এবারও কি সেটিই বোঝালেন বাংলাদেশ অলরাউন্ডার?