ছবিতে ছবিতে বাংলাদেশের ভীষণ যন্ত্রণার দিন

বিষণ্নবদন। আনতনয়ন। মুখগুলোজুড়ে অসহ্য যন্ত্রণার অনুরণন। ভাঙাচোরা দল নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের কাছে চট্টগ্রাম টেস্টে হারের লজ্জা বাংলাদেশের ক্রিকেটারদের চোখেমুখে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁত দিয়ে নখ কামড়াচ্ছেন চোটে মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান। সাকিবহীন বাংলাদেশের বোলিং দিনজুড়ে ছিল নখদন্তহীন। ছবি: প্রথম আলো৩৯৫ রানের লক্ষ্যটা নেহাতই কম নয়! টেস্ট ক্রিকেটেই এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড আছে আর চারটি, এশিয়ার মাটিতে একটিও নেই। সেদিক থেকে ব্যাটিং কিংবা ইনিংস ঘোষণা করার সিদ্ধান্তের দিক থেকে হয়তো বাংলাদেশকে প্রশ্নের মুখে ফেলা যায় না। কিন্তু আজ পঞ্চম দিনে বাংলাদেশের বোলিং কি খুব একটা ভালো হলো?

এক সাকিব আল হাসান চোট নিয়ে মাঠের বাইরে যাওয়াতেই কি এমন ছন্নছাড়া হয়ে পড়ল বাংলাদেশের বোলিং? নাকি এক পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তটাই বুমেরাং হয়েছে? এসব এখন শুধু বিশ্লেষণ আর দীর্ঘশ্বাসই জাগাবে।

আর সব ছাপিয়ে কাইল মেয়ার্সের অতিমানবীয় ব্যাটিং তো আছেই! টেস্টের ১৪৪ বছরের ইতিহাসই নতুন করে রাঙিয়ে দিলেন বাঁহাতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান, বনে গেলেন অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। বঙ্গোপসাগরের পারে ক্যারিবীয় ঢেউয়ে বাংলাদেশ পেল ভীষণ যন্ত্রণা।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো দিনটার দিকে আরেকবার ফিরে দেখতে চাইবেন না। তবু যদি দিনের ঘটনাগুলো মিস করে থাকেন, কিংবা আরেকবার পুরো দিনে কী কী ঘটেছে সেটি ঘুরে দেখতে ইচ্ছা হয়, আপনার ইচ্ছাপূরণে হাজির প্রথম আলোর ফটোসাংবাদিক শামসুল হকের ক্যামেরা।

ছবিতে ছবিতে দেখে নিন চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন—

সত্তর দশকের ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাময় ফাস্ট বোলার, ক্যারিবীয়দের জার্সিতে দুই টেস্ট ও এক ওয়ানডে খেলা এজরা মোসলি গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর স্মরণে দিন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন দুদলের।
ছবি: প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজের করতে হবে ২৮৫ রান, বাংলাদেশের দরকার ৭ উইকেট—এ সমীকরণে শুরুর দিনে বাংলাদেশ শুরুর দিকে চেষ্টা করেছিল ব্যাটসম্যানের চারপাশে ফিল্ডার রেখে তাঁকে ঘিরে ধরার। লাভ হয়নি তাতে।
ছবি: প্রথম আলো
আকাশপানে তাকিয়ে মুমিনুল হকের অক্ষম আক্রোশ! কাইল মেয়ার্সের এলবিডব্লুর জন্য রিভিউ চেয়ে সেটিতে সফলতার জন্য অদৃষ্টের সাহায্যও চাইলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
ছবি: প্রথম আলো
দাঁত দিয়ে নখ কামড়াচ্ছেন চোটে মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান। সাকিবহীন বাংলাদেশের বোলিং দিনজুড়ে ছিল নখদন্তহীন।
ছবি: প্রথম আলো
সেঞ্চুরির উচ্ছ্বাস মেয়ার্সের। পাশে হাসিমুখে দাঁড়িয়ে এনক্রুমা বোনার। ১৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া বোনারের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেয়ার্স।
ছবি: প্রথম আলো
উইকেটশূন্য দুই সেশন কেটে গেল বাংলাদেশের। জয়ের আশা মিলিয়ে যাচ্ছে। উইকেট কেন পড়ছে না, পিচ দেখতে এসে সেটির উত্তরই কি খুঁজছিলেন সাকিব?
ছবি: প্রথম আলো
চা-বিরতি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই দুই উইকেট! একটু প্রাণ ফিরল বাংলাদেশ দলে। বোনারকে তাইজুল ফেরানোর কিছুক্ষণ পর নাইম ব্ল্যাকউডকে ফেরাতেই বাংলাদেশের ক্রিকেটারদের চোখেমুখে স্বস্তিটা স্পষ্ট।
ছবি: প্রথম আলো
কিন্তু স্বস্তিটা মিলিয়ে যেতেও সময় লাগেনি। ষষ্ঠ উইকেটে আবার উইকেটে মেয়ার্সের সঙ্গে তাঁবু গেড়ে বসেন জশুয়া দা সিলভা। দুজনের জুটিতে ঠিক ১০০ রান আসে ১৩০ বলে।
ছবি: প্রথম আলো
তাইজুলের আবেদন। কিন্তু নিষ্ফলই হলো সেটি। বাংলাদেশের অনেক আবেদনই আম্পায়ারের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে।
ছবি: প্রথম আলো
ইতিহাস! টেস্টের ১৪৪ বছরে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি কাইল মেয়ার্সের। ওয়েস্ট ইন্ডিজ তখন জয়ের খুব কাছে।
ছবি: প্রথম আলো
অবশেষে উইকেট। আউট জশুয়া দা সিলভা। কিন্তু বাংলাদেশের কাছে এই উইকেট তখন আবেদনহীন। হাতে ৪ উইকেট রেখে জিততে আর তখন ৩ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
ছবি: প্রথম আলো
সব শেষ! বাংলাদেশের টেস্ট ইতিহাসে লজ্জার এক দিন লেখা হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর নায়ক মেয়ার্সকে ম্যাচ শেষে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।
ছবি: প্রথম আলো