ছাদঢাকা হেডিংলিতে বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইতিহাস-ঐতিহ্যে ইংল্যান্ডের সবচেয়ে সমৃদ্ধ কাউন্টি ক্লাবগুলোর একটি ইয়র্কশায়ার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় সম্মুখীন হতে হয়েছে একের পর এক আর্থিক ক্ষতির, দেনা এখন প্রায় ২ কোটি ২০ লাখ পাউন্ড। সুদূরপ্রসারী ভাবনা থেকে ক্লাবটি তবু শুরু করতে যাচ্ছে উচ্চাভিলাষী এক প্রকল্প। নিজেদের মাঠ হেডিংলি সংস্কার করে তৈরি করা হবে ছাদঢাকা স্টেডিয়াম! একটি জার্মান কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে কাউন্টি ক্লাবটি, নিশ্চিত করেছে বেশ কিছু স্পনসর। মূল স্পনসরদের একটি হলো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। ক্লাব কর্তৃপক্ষের আশা, ২০১৯ বিশ্বকাপ ও অ্যাশেজ ছাদঢাকা হেডিংলিতে খেলা হবে।
ছাদঢাকা মানে অবশ্যই সার্বক্ষণিক নয়। এমনিতে খোলা আকাশের নিচেই খেলা হবে। তবে ঝড়-বৃষ্টি বা এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই ছাতা হয়ে মাঠকে রক্ষা করবে ছাদ। দেনায় জেরবার কাউন্টির জন্য এটি অনেক খরচের ব্যাপার হলেও দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই এই উদ্যোগ। সাম্প্রতিক বছরগুলোয় বৃষ্টির কারণে অনেক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ বাধাগ্রস্ত হয়েছে হেডিংলিতে। যাতে আর্থিক ক্ষতি হয়েছে লাখ লাখ পাউন্ড। গত বছর টি-টোয়েন্টি টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের টিকিট সব নিঃশেষিত হয়ে গেলেও বৃষ্টির কারণে খেলা হয়নি এক বল। ফিরিয়ে দিতে হয় টিকিটের সব টাকা। সবকিছু ভেবেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবের বিদায়ী চেয়ারম্যান ও ইসিবির ভাবী প্রধান কলিন গ্রেভস।
ছাদঢাকা মাঠে ক্রিকেট অবশ্য হেডিংলিতেই প্রথম হবে না। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামও (স্পনসরে নামে এখন ইতিহাদ স্টেডিয়াম) ছাদঢাকা। তবে ডকল্যান্ডস শুধু ক্রিকেট স্টেডিয়াম নয়, মূলত অস্ট্রেলিয়ান রুলস ফুটবল হয় সেখানে। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের সদর দপ্তরও এই মাঠেই। ৪৬ কোটি অস্ট্রেলিয়ান ডলারে তৈরি স্টেডিয়াম চালু হয় ২০০০ সালে। সেই বছর থেকে ২০০৬ পর্যন্ত ১২টি ওয়ানডে হয়েছে এখানে। নানা কারণে এরপর আর হয়নি। তবে বিগ ব্যাশের ম্যাচ হয় নিয়মিতই। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনিগেডসের ঘরের মাঠও এটি। হেডিংলিকে ছাদে ঢাকতে কত খরচ হবে, সেটি অবশ্য প্রকাশ করেনি ইয়র্কশায়ার। ক্রিকইনফো।