ছিটকে গেলেন শফিউলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিপিএলটা দারুণ গেছে শফিউল ইসলামের। খুলনা টাইটানসের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে কালও ছিলেন বোলারদের শীর্ষ তিনে। ফর্মটা যখন নিউজিল্যান্ডে টেনে নেওয়ার স্বপ্ন চোখে, তখনই হানা দিল চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে শফিউলের নিউজিল্যান্ড সফর শেষ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম।

পরশু ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান শফিউল। পরে ফিরে ১ ওভার বোলিং এবং ব্যাটিং করলেও এই চোটই তাঁকে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প ও নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে দিল। শফিউলের জায়গায় কামরুলকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘রাব্বী (কামরুল) দুটি টেস্ট খেলেছে। এই অভিজ্ঞতার কারণে তাকে বিবেচনা করা হয়েছে।’ তবে শফিউলকে একটি সুযোগ দেওয়া হবে। মিনহাজুল বললেন, ‘শফিউল যদি টেস্টের আগে চোট থেকে সেরে উঠতে পারে, আমরা তাকে বিবেচনা করব।’