ছিলেন শপিং মলে, হঠাৎই ইংল্যান্ড দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর পর দলে ফিরলেন ব্যালান্স। ফাইল ছবি
এক বছর পর দলে ফিরলেন ব্যালান্স। ফাইল ছবি

অন্য কোনো সাধারণ বৃহস্পতিবারের মতোই দিনটা কাটছিল তাঁর। বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শপিং মলে গিয়েছিলেন গ্যারি ব্যালান্স। তখন কী ভাবতে পেরেছিলেন, এমন একটা সুসংবাদ অপেক্ষা করছে তাঁর জন্য। শপিং মলে থাকার সময়ই ইংল্যান্ড ব্যাটসম্যানের মোবাইলে এল বার্তা, পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের জন্য দলে সুযোগ পেয়েছেন তিনি।

গত বছরের জুলাইয়ে অ্যাশেজের লর্ডস টেস্টের পর বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন ব্যালান্স। ঠিক এক বছর পর আবার ফিরছেন, সেই লর্ডস টেস্ট দিয়েই। বাজে ফর্ম থেকে মুক্তি পেতে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার সিদ্ধান্ত নেওয়া নিক কম্পটনের জায়গায় নেওয়া হচ্ছে এই বাঁহাতিকে। তবে ফিরলেও এবার হয়তো ব্যাটিং অর্ডারে পাঁচে নামিয়ে আনা হবে ব্যালান্সকে। আগে তিনি ব্যাট করতেন তিন নম্বরে, সেই জায়গাটা এখন যাচ্ছে জো রুটের দখলে।
কিছুটা চমকই বটে, জস বাটলার, জেসন রয়দের বদলে তাঁকে সুযোগ দিয়েছে ইংল্যান্ড। হঠাৎ এভাবে ডাক পাওয়ায় কিছুটা অবাক ব্যালান্সও, ‘কিছুটা চমক হয়েই এসেছে এটা। দলে ফিরতে পারা তো সব সময়ই অসাধারণ, বিশেষ করে যখন এত দিন দলের বাইরে ছিলাম।’
ডাক পাওয়ার খবরটা এমন এক সময়ে পেলেন, যখন তিনি বাসার জন্য নিত্য দরকারি জিনিসপত্র কিনতে ব্যস্ত। ব্যালান্সও এতে মজাই পেয়েছেন, ‘আমি মাত্রই বাসার জন্য প্রয়োজনীয় মুদি দ্রব্যাদি কিনছিলাম, এমন সময়ে জাতীয় দলের নির্বাচক জেমস হুইটাকারের ফোন পেলাম। আদর্শ বৃহস্পতিবার সকাল যাকে বলে!’
ব্যালান্সের দলে ডাক পাওয়াও হয়তো আদর্শ সময়েই হয়েছে। ঘরোয়া ক্রিকেটে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচে দুটি ফিফটি তাঁর, আছে একটি সেঞ্চুরিও।
বাটলারের ফেরার দিনে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী মিডিয়াম পেসার টোবি রোলান্ড জোনস। চোটের কারণে দলে নেই পেসার জেমস অ্যান্ডারসন।
পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৪ জুলাই।