ছুটছেই আমলা-রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলার পুল শটও দেখার মতো, যেখানে শক্তির চেয়ে বেশি থাকে শিল্পের ছোঁয়া। কাল ক্যানবেরায় ১৫৯ রানের ইনিংসের পথে l এএফপি
হাশিম আমলার পুল শটও দেখার মতো, যেখানে শক্তির চেয়ে বেশি থাকে শিল্পের ছোঁয়া। কাল ক্যানবেরায় ১৫৯ রানের ইনিংসের পথে l এএফপি

তাঁর ব্যাটিংয়ে অলস সৌন্দর্য। লক্ষ্য কঠিন থাকুক বা দলের বিপর্যয়—তাঁর চেহারায় কখনোই ফুটে ওঠে না চাপের ছাপ। মাঠের ভেতরে-বাইরে হাঁটাচলা, প্রতিটি পদক্ষেপ, আচরণ বা কথাবার্তা—কিছুতেই কখনো একটিবারের জন্যও দেখা যায় না তাড়াহুড়া। সেই হাশিম আমলাই কিনা আলোড়ন তুলছেন গতির ঝড়ে! নিয়মিতই শিরোনাম হচ্ছেন ‘দ্রুততম’ বলে!
অ্যাথলেটিকস ট্র্যাকে তিনি উসাইন বোল্টের মতো ছুটতে পারেন না। তবে ২২ গজে তাঁর ব্যাট ছোটে বোল্টের মতোই। আমলার রান আর সেঞ্চুরি–ক্ষুধা এতটাই তীব্র যে গতিতে পারলে হার মানান বোল্টকেও! এই ছুটে চলার পথে কাল ধরা দিল আরেকটি দারুণ অর্জন। আরও একবার তিনি ব্যাটিংয়ের বোল্ট। ক্যানবেরায় কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিতে গড়লেন দ্রুততম ২০ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। সেটিও বিরাট কোহলির গড়া আগের রেকর্ডকে যোজন যোজন পেছনে ফেলে।
রেকর্ডে অবশ্য বিস্ময়ের কিছু নেই। বরং ছিল স্রেফ সময়ের অপেক্ষা। জানাই ছিল, অভাবনীয় কিছু না হলে রেকর্ড আমলারই হবে। সেই ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি থেকেই তো প্রতিটি সেঞ্চুরি সবচেয়ে কম ইনিংসে ছোঁয়ার কীর্তি গড়ে আসছেন! সবচেয়ে কম ইনিংসে ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার ও ৫ হাজার রান ছোঁয়ার রেকর্ডও তাঁর। কালকের পর ১০৮ ইনিংসেই আমলার রান ৫৬১৬। দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড ১৩৬ ইনিংসে, এই রেকর্ডও না আমলার না ছোঁয়ার কারণ নেই! ২০ সেঞ্চুরির কথাই ধরুন। বিস্ময় শব্দটিকে গত কিছুদিনে ক্লিশে বানিয়ে ফেলেছেন যিনি, সেই এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৭৫ ইনিংস। আমলা ২০ সেঞ্চুরি ছুঁলেন অধিনায়কের চেয়ে ৬৭ ইনিংস কম খেলেই!
গতিটা অবিশ্বাস্য বলেই রেকর্ডগুলো নিয়ে আসলে এত কথা। নইলে আমলা ব্যাটিং নিয়ে রেকর্ডের বাইরেই বরং দেখার ও বলার আছে বেশি! উইলো কাঠ তাঁর হাতে হয়ে যায় যেন পালক। রেশমি পেলব বুলিয়ে দেন বলে। একেকটি শট প্রশান্তি দেয় চোখ আর মনকে। কালই যেমন, ম্যাক্স সরেনসেনকে লং অনের ওপর দিয়ে বাইরে পাঠালেন একটু গায়ের জোরে। নিজের প্রতি অন্যায় হয়ে গেল বলেই কিনা, পরের বলেই চেনালেন নিজের জাত। অফ স্টাম্পের বাইরের বলে স্রেফ আলতো টোকা, দুর্দান্ত টাইমিংয়ে বল এক্সট্রা কাভারের ওপর গ্যালারিতে! ভুলে যাবেন না, মানুকা ওভাল বিশ্বের সবচেয়ে বড় মাঠগুলোর একটি। আমলার হাতের ছোঁয়ায় এখানেই বল ছুটেছে আর উড়েছে গুলির বেগে। আমলা অনাগ্রহ আর অনাসক্তি শুধু পেশিশক্তিতেই নয়, উদ্ভাবনী শটও তাঁকে ঠিক টানে না। তার পরও ৫৬.৭২ গড়, ৯০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট। তিনবার ছুঁলেন দেড় শ!
ক্রিকেট শটের ভান্ডার যাঁর এত সমৃদ্ধ, ব্যাট যাঁর কথা শোনে সম্মোহিতের মতো, সময়ের স্রোতে তাঁর গা ভাসানোর প্রয়োজনই বা কী! ধুন্ধুমার ব্যাটিং আর পেশিশক্তির প্রদর্শনীর ঝোড়ো হাওয়ার যুগে আমলা নাহয় হলেন নির্মল বাতাস!

২০ সেঞ্চুরি কার কত ইনিংসে
হাশিম আমলা ১০৮
বিরাট কোহলি ১৩৩
এবি ডি ভিলিয়ার্স ১৭৫
শচীন টেন্ডুলকার ১৯৭
সৌরভ গাঙ্গুলী ২১৪

আমলার কীর্তি
ষষ্ঠ থেকে ২০তম, সবগুলো ওয়ানডে সেঞ্চুরিই সবচেয়ে কম ইনিংস খেলে ছোঁয়ার রেকর্ড আমলার

২ থেকে ৫ হাজার, সবগুলো মাইলফলক সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছেন আমলা