ছেলে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের বিপক্ষে, মা ভেন্টিলেটরে
বাবর আজমের মানসিক শক্তির প্রশংসা করতেই হয়। মা যেখানে অসুস্থ হয়ে হাসপাতালের ভেন্টিলেটরে চিকিৎসা নিচ্ছেন, সেখানে দেশের ডাকে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাও আবার বিশ্বমঞ্চে!
এবার পাকিস্তান যাঁদের ভরসায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে, সেই তালিকায় সবার ওপরেই থাকবে বাবরের নাম। পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলে নয়, পাকিস্তানের অধিনায়ক হিসেবেও। এই প্রথম কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। আর কী দুর্দান্তভাবেই না নেতৃত্ব দিচ্ছেন!
তাঁর নেতৃত্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে পাকিস্তান। একেবারে অস্বাভাবিক কিছু না ঘটলে পাকিস্তান যে সেমিফাইনাল খেলছে, এটা বলেই দেওয়া যায়। হাসছে বাবরের ব্যাটও।
প্রথম ম্যাচে ভারতকে দশ উইকেটে হারানোর পথে ৫২ বলে করেছেন ৬৮ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন কিছু না করতে পারলেও আবার আফগানিস্তানের বিপক্ষে দারুণ করেছেন বাবর। ৪৭ বলে করেছেন ৫১ রান।
এখন জানা গেল, তিন ম্যাচই বাবর খেলেছেন অসহ্য যন্ত্রণা সয়ে। নিজের মা যেখানে অসুস্থ, হাসপাতালের ভেন্টিলেটরে চিকিৎসা নিচ্ছেন, সেখানে মনমেজাজ ভালো থাকেই-বা কী করে। বাবরের এই অবস্থা জানিয়েছেন খোদ বাবরের বাবা আজম সিদ্দিকী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন, ভালো নেই বাবরের মা। ফলে বাবরের মানসিক অবস্থাও ভালো নয়। প্রচণ্ড মনঃকষ্টে ভুগছেন এই তারকা।
আজম সিদ্দিকী জানিয়েছেন, ‘জাতিকে কিছু সত্যি কথা জানাতে এসেছি। তিন ম্যাচের সব কটিতে জয় অর্জন করার জন্য সবাইকে শুভেচ্ছা। কিন্তু আমাদের বাসাতেও অনেক বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছি আমরা। ভারতের বিপক্ষে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন।’
এই মানসিক চাপ নিয়েই ম্যাচগুলো খেলছেন বাবর, ‘তিন ম্যাচেই বাবর অনেক মনঃকষ্ট নিয়ে খেলেছে। আমি বলতে চাইনি। কিন্তু পরে ভাবলাম না বললে বাবর যদি দুর্বল হয়ে যায়? তাই আমি সবাইকে জানাতে এসেছি। সর্বশক্তিমানের দয়ায় ওর অবস্থা এখন বেশ ভালো।’ শেষ খবর পাওয়া পর্যন্ত বাবরের মায়ের অবস্থা এখন স্থিতিশীল।
আগামী মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। পাকিস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। নিজেদের গ্রুপে শুরুতেই কঠিন তিনটি ম্যাচ পেয়েছিল দলটি। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে প্রাথমিক কাজটা শেষ করে ফেলেছে তারা। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথম পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড ও নামিবিয়া। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে এই দুই দলের জয়ের পক্ষে বাজি ধরার লোক খুব একটা পাওয়া যাবে না।