ছোঁয়া হলো না অস্ট্রেলিয়ার ৮৪ বছর আগের রেকর্ড

‘ইশ! মাত্র ৫টি রানের জন্য হলো না’— এমন একটা আক্ষেপ হতেই পারে স্টিভ স্মিথের। মাত্র ৫ রানের জন্যই যে ব্র্যাডম্যানের সময়ের অস্ট্রেলিয়ার রেকর্ডটা ছোঁয়া হলো না স্মিথদের। মাত্র ৫টি রান আগে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখতে পারলেই তো ছোঁয়া হতে যেত ১৯৩১ সালের একটি রেকর্ড!
হোবার্ট টেস্টের তিন দিনের মধ্যেই জিতে নিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের জয়ের ব্যবধানটা ইনিংস ও ২১২ রানে। স্মিথের আক্ষেপটা এখানেই। এত কাছে এসেও ব্র্যাডম্যান-ওল্ডফিল্ডদের পাশে বসা হলো না! আজকের জয়টা টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম। ওপরে আছে শুধু ১৯৩১ সালে ব্র্যাডম্যানদের ওই জয়টাই। ৮৪ বছর আগে ব্রিসবেনের সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
সর্বোচ্চ ব্যবধানে জয় না এলেও একটি ‘প্রতিজ্ঞা’ কিন্তু পূরণের স্বস্তি নিয়েই ফিরেছে স্মিথরা। সিরিজ শুরু হওয়ার আগেই হুংকার দিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের প্রতি কোনো ‘দয়া’ দেখাবেন না। সেই প্রতিশ্রুতি রাখলেন তাঁরা।
নির্দয়ভাবেই হারালেন ক্যারিবীয়দের। মাত্র চার সেশনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে দুই ইনিংসে অলআউট করে সিরিজের প্রথম টেস্টটা জিতে নিল অনায়াসেই। মজার ব্যাপার, প্রথম দুই দিনে অস্ট্রেলিয়াও ব্যাট করেছিল ৪টি সেশন। তারা হারিয়েছিল ৪ উইকেট, রান করেছিল ৫৮৩। সেখানে অসহায় ওয়েস্ট ইন্ডিজ চার সেশনে দুবার অলআউট হলো, রানও এল প্রথম ইনিংসে ২২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৪৮।
কাল দ্বিতীয় দিন শেষে একটু লড়াইয়ের আভাস দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে অপরাজিত ছিলেন ড্যারেন ব্রাভো, সঙ্গী ছিলেন ৩১ রানে অপরাজিত কেমার রোচ। আজ বৃষ্টিভেজা তৃতীয় দিনে প্যাটিনসন-হ্যাজলউডদের বোলিং তোড়ে ভেঙে পড়ল ক্যারিবীয়দের যাবতীয় লড়াইয়ের বাঁধ। জশ হ্যাজলউডের করা দিনের দ্বিতীয় ওভারে ওই ৩১ রানে আউট হয়ে গেলেন রোচ। সেই শুরু। পরের বলেই আউট অষ্টম ব্যাটসম্যান জেরোম টেলর। তিন ওভার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে গেলেন ব্রাভোও (চোট পাওয়ায় ব্যাট করেননি শ্যানন গ্যাব্রিয়েল)। অবশ্য আউট হওয়ার আগে নিজের সেঞ্চুরিটা পূর্ণ করে গেছেন ব্রাভো।
ফলোঅনে পড়লেও প্রথম ইনিংসে তবু অন্তত দুইশ পার করতে পেরেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে তো সেই সৌভাগ্যও হলো না, অলআউট হয়ে গেল ১৪৮ রানেই। ক্যারিবীয়দের লড়তে দিলেন না গত মার্চের পর এই প্রথম দলে ফেরা জেমস প্যাটিনসন। ৫ উইকেট নিয়েছেন এই পেসার। ১৪ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এই নিয়ে ৪ বার পাঁচ উইকেট পেলেন প্যাটিনসন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের পরিকল্পনা ভেস্তে দেওয়া হ্যাজলউড। প্যাটিনসন-হ্যাজলউডের তোপের মুখে ৩৬.৩ ওভারেই গুটিয়ে গেছে হোল্ডারদের দলের দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই কিছুটা লড়ে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রাফেট। একটা ব্যক্তিগত আক্ষেপও সঙ্গী হয়েছে তাঁর। ৬ রানের জন্য সেঞ্চুরিটা পেলেন না। ১৪৮ এর মধ্যে একজন ব্যাটসম্যানেরই ৯৪ — বাকিদের ইনিংসগুলোর কথা আর না বললেও চলছে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৮৩/৪ (ভোজেস ২৬৯, মার্শ ১৮২; ওয়ারিকান ৩/১৫৮)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২২৩ (ব্রাভো ১০৮, রোচ ৩১; হ্যাজলউড ৪/৪৫, লায়ন ৩/৪৩)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস ১৪৮ (ব্রাফেট ৯৪, প্যাটিনসন ৫/২৭, হ্যাজলউড ৩/৩৩)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম ভোজেস।