ছোট ক্রিকেটেও বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের আউটে সামান্য যে শঙ্কাটা জেগেছিল, ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেটি উড়িয়ে দিয়েছেন সাকিব-সাব্বির। টি-টোয়েন্টিতে পাকিস্তানকেও তাই উড়িয়ে দিতে পারল বাংলাদেশ। কাল মিরপুরে l শামসুল হক
মুশফিকের আউটে সামান্য যে শঙ্কাটা জেগেছিল, ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেটি উড়িয়ে দিয়েছেন সাকিব-সাব্বির। টি-টোয়েন্টিতে পাকিস্তানকেও তাই উড়িয়ে দিতে পারল বাংলাদেশ। কাল মিরপুরে l শামসুল হক

১৪২ রান চিন্তায় ফেলার মতো কোনো লক্ষ্য ছিল না। তার ওপর মাত্রই ওয়ানডেতে দুমড়ে-মুচড়ে দেওয়া গেছে পাকিস্তানকে। আত্মবিশ্বাসের পারদ যতটা উঁচুতে, এই রান তো হেসেখেলেই করে ফেলবে বাংলাদেশ দল! ১৪১ রানে পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পর স্বস্তির এমন হাওয়াই বইতে শুরু করল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ পর্যন্ত তাই হলো। ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়, হেসেখেলেই তো!
ওয়ানডে সিরিজে ঘোষণা দিয়েই ফেবারিট ছিল বাংলাদেশ। সিরিজটা জিতেছেও ফেবারিটের মতো। কিন্তু টি-টোয়েন্টিতে কি অভিজ্ঞতা, কি অতীত পারফরম্যান্স—সব দিক দিয়েই এগিয়ে পাকিস্তান। অধিনায়ক শহীদ আফ্রিদি যেন সেটা মনে করিয়ে দিতেই ম্যাচের আগে বলেছিলেন, ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তান ভালো দল। কিন্তু মাঠে তার লক্ষণ দেখা গেল না। কাল কখনোই মনে হয়নি সাকিব আল হাসান বা ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানদের চেয়ে এই খেলাটা ভালো খেলেন আহমেদ শেহজাদ-সাঈদ আজমলরা।
বাংলাদেশ ইনিংসের ৬ ওভারের মধ্যেই অবশ্য একবার ‘ফ্ল্যাশব্যাকে’ ভেসে উঠেছিল ২০১১-এর স্মৃতি। এ মাঠেই পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েও সেবার বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৫০ রানে। কালও ৩৮ রানের মধ্যে সৌম্য সরকার, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের আউট শঙ্কা ছড়াল। কিন্তু ২০১১-র বাংলাদেশ দল আর ২০১৫-র এই বাংলাদেশ দল যে এক নয়! পাকিস্তানি বোলারদের সাফল্য বলতে ওই ৩ উইকেটই। সাকিব-সাব্বিরের ১০৫ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতেই টি-টোয়েন্টিতে নিজেদের ১২তম জয় তুলে নিল বাংলাদেশ দল। এর আগে সর্বশেষ জয়টা এসেছিল গত বছর দেশের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বেশির ভাগ জয়ই অবশ্য ছোট দলের বিপক্ষে। কাল প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর আগে বড় দলের বিপক্ষে জয় ছিল দুটি, দুটিতেই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

আজমলকে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে শেষ কাজটুকু সেরেছেন সাকিব। তবে ওই তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর যে বাংলাদেশের ইনিংসে আর একটিও আঁচড় লাগেনি, সেটির কৃতিত্ব সাব্বিরেরও। ফিফটি করে অপরাজিত থাকলেন দুজনই। সাকিবেরটা (৫৭*) টি-টোয়েন্টিতে তাঁর পঞ্চম আর সাব্বিরেরটা (৫১*) প্রথম। তবে ম্যান অব দ্য ম্যাচ সাব্বিরের ব্যাটই পাকিস্তানি বোলারদের শাসন করেছে বেশি। উমর গুলের করা ইনিংসের ১১তম ওভারেই নিলেন ১৪, চার দুটি ও লং লেগ দিয়ে একটি ছক্কা।
এর আগে ১৪ রান এসেছিল মোহাম্মদ হাফিজের করা ইনিংসের প্রথম ওভারেও। লং অন দিয়ে মারা বিশাল ছক্কা আর পরের দুই বলে দুই বাউন্ডারিতে ১৪-ই নেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরের বলেই এক রান নিতে গিয়ে আজমলের সরাসরি থ্রোতে রানআউট হয়ে যান আরেক ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে এত ভালো করার পর অভিষেক টি-টোয়েন্টিতে কিনা কোনো বল না খেলেই ফিরতে হলো শূন্য হাতে! দুর্ভাগ্য সৌম্যর।
সৌম্যর মতো এ ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানেরও। তাঁর জন্য অবশ্য এটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম ম্যাচ। তা মনে রাখার মতো এক শুরুই পেলেন এই তরুণ বাঁহাতি পেসার। নতুন বলে বোলিং আক্রমণ শুরু করে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট খারাপ তো নয়! সেই ২ উইকেটের প্রথমটা আবার শহীদ আফ্রিদির মতো একজনের। অবশ্য ভবিষ্যতে কখনো টেলিভিশন রিপ্লেতে ওই আউটটা দেখলে আফ্রিদি-বধের তৃপ্তি কিছুটা কমেও যেতে পারে মুস্তাফিজের। আম্পায়ার কট বিহাইন্ডের আঙুল তুললেও বল আদৌ আফ্রিদির ব্যাটে লেগেছিল কি না সংশয় আছে। আফ্রিদির শরীরী ভাষাও বলছিল সে কথা। আউটের সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তান অধিনায়ক রিভিউও নিতে চেয়েছিলেন! পরে আম্পায়ারের কাছ থেকে জানলেন টি-টোয়েন্টিতে রিভিউ নেওয়ার নিয়মই নেই।
আফ্রিদির দুর্ভাগ্যের সঙ্গে অন্যদের ব্যর্থতা মিলে টি-টোয়েন্টিওতে মলিন এক পাকিস্তানকেই দেখল শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকেরা। ব্যাটিংয়ে পরিকল্পনার অভাব ছিল সুস্পষ্ট, যেন গায়ের জোরে রান করতে চাইলেন সবাই। অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ওপেনার মুখতার আহমেদের ৩০ বলে ৩৭-ই দলের পক্ষে সবচেয়ে ‘ভালো’ ইনিংস হয়ে থাকল। অভিষেক টি-টোয়েন্টি খেলতে নামা আরেক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তো কিছু করারই সুযোগ পেলেন না।
ছোট ক্রিকেটেও এমন বড় জয়ে বাংলাদেশের মুস্তাফিজ-সৌম্যর জন্য যে ম্যাচটা হয়ে থাকল স্মরণীয়, সেটাই যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন পাকিস্তানের মুখতার-রিজওয়ান।

পাকিস্তান:
২০ ওভারে ১৪১/৫
বাংলাদেশ: ১৬.২ ওভারে ১৪৩/৩
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী