ছোটদের 'নাসির' গাজী

সালেহ আহমেদ শাওন গাজী। পরিচিত বৃত্তে শাওন গাজী নামেই পরিচিত। নামের শেষে ‘গাজী’ তো বটেই, বাড়ি তাঁর পটুয়াখালী বলে এই প্রশ্নটাও এসে যায়। সোহাগ গাজীর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? শুনে বেশ মজাই পেলেন, ‘না...কোনো সম্পর্ক নেই।’
ক্রিকেটে আদর্শ মানেন কাকে? এবার বেশ ভাবনায় পড়ে গেলেন। একটু ভেবে জবাব দিলেন, ‘আদর্শ বলতে...আসলে সোহাগ গাজী ভাইয়ের বোলিংটা বেশ ভালো লাগে।’
ব্যক্তিগতভাবে দুই গাজীর চেনাজানা আগে থেকেই। সোহাগ গাজী যখন পটুয়াখালী স্টেডিয়ামে অনুশীলন করতেন, খেলতেন; ছোট্ট সালেহ মাঠে বসে তা দেখতেন। মুঠোফোনে কাল সোহাগ গাজী ফিরে গেলেন অতীতে, ‘নদীর ওপারের গ্রামে ওদের বাড়ি, আমাদের বাড়ি শহরে। ছোটবেলা থেকেই সে স্টেডিয়ামে আসত। আমাদের খেলা দেখত। বয়সে অনেক ছোট হলেও আমাদের সঙ্গে খেলতে চাইত। ছেলেটার অনেক সাহস। ক্রিকেটে এই সাহসটা কাজে লাগে।’
সোহাগ গাজীর বোলিং ভালো লাগলেও চরিত্রগত দিক দিয়ে সালেহর মিল খুঁজে পাওয়া যায় নাসির হোসেনের সঙ্গে। নাসিরের মতোই আমুদে। ঠাট্টা-রসিকতায় মাতিয়ে রাখেন ড্রেসিংরুম। দলকে চাঙা রাখতে তাঁর জুড়ি নেই। চোখে-মুখে সব সময়ই আত্মবিশ্বাস। সালেহ ভীষণ চটপটে, আমুদে, মজার চরিত্র—শুনেটুনে সোহাগ গাজী আরেক দফা বিস্মিত, ‘তাই নাকি! আমাদের সামনে তো ও চুপচাপই থাকে।’
ক্রিকেটটা যে ভীষণ উপভোগ করেন, সালেহর কথাতেই পরিষ্কার। তাঁর অভিধানে ‘চাপ’ বলে কোনো শব্দ নেই, ‘আমার মধ্যে আসলে কোনো চাপ কাজ করে না। সব সময় চাপমুক্ত হয়ে খেলি। ক্রিকেট খেলাটা মজার। এই মজাটাই করতে চাই।’
মাঠের বাইরে সারাক্ষণই মজা-দুষ্টুমিতে মেতে থাকতে পছন্দ করেন। সালেহ জানালেন, এটি ভীষণ সহায়তা করে দলকে চাঙা রাখতে। তবে সবচেয়ে বেশি মজা করেন সতীর্থ শফিউল হায়াতের সঙ্গে, ‘দলের সবার সঙ্গে মজা করি। কারও মন খারাপ থাকলে তার সঙ্গে দুষ্টুমি করি। তখন ওর মনটা ভালো হয়ে যায়। দলের অন্যরাও আমার সঙ্গে মজা করে। তবে হৃদয়ের (শফিউল) সঙ্গে বেশি মজা করি।’
যুব বিশ্বকাপের আগে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সাত দিনের অনুশীলন ক্যাম্প করেছিলেন সালেহরা। তখন প্রতিদিনই যাওয়া হতো সমুদ্রসৈকতে। এবার এখনো যাওয়ার সময় হয়নি। কারণ, খেলা আর অনুশীলন দখল করে আছে মনোজগতের সবটুকু। বিশ্বকাপে দারুণ কিছু করার দলীয় লক্ষ্য তো আছেই, ব্যক্তিগতভাবেও টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চান সালেহ। হতে চান সর্বোচ্চ উইকেটশিকারি। ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে এরই মধ্যে জানিয়ে রেখেছেন, ঠাট্টা-রসিকতা পছন্দ করলেও ২২ গজে তিনি ঠিকই সিরিয়াস।