ছোটদের 'বিসিএল' শুরু ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক পর্যায়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটের অভাব ছিল বাংলাদেশে। অবশেষে তা কিছুটা হলেও ঘুচতে যাচ্ছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির উদ্যোগে আগামীকাল থেকে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লিগ। ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলের মতো আট বিভাগের ক্রিকেটাররা চারটি অঞ্চলে (উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল) বিভক্ত হয়ে খেলবেন চার দিনের ম্যাচের এই আসর।
কাল চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ তিন লাখ টাকা। চট্টগ্রাম মহানগরের মেয়র আ জ ম নাছির উদ্দীন লিগ উদ্বোধন করবেন।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম রাউন্ডে এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে উত্তরাঞ্চলের। আকরাম বলেন, ‘সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের জন্য গড়ে তুলতেই এই লিগের আয়োজন। আমি আশাবাদী, এই লিগের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে, যারা আগামীর সাকিব-মুশফিক হবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এত দিন দেশে দীর্ঘ পরিসরের কোনো লিগ ছিল না। এটা চালু হলে নতুন ক্রিকেটার তৈরি হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহসভাপতি আলী আব্বাস, পূর্বাঞ্চলের প্রধান কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদিন, বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক ও সিজেকেএসের নির্বাহী সদস্য আবদুল হাসান আকবর।