ছোটরা করল ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় এক দিনের ম্যাচটি জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হোসেন মিরাজ জানিয়েছিলেন, ‘ধবলধোলাইটা হয়ে যাবে ইনশা আল্লাহ।’ যে কথা সেই কাজ! চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১২৫ রানে হারিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ধবলধোলাই করেই ছাড়ল বাংলাদেশের যুবারা।
কাল জিম্বাবুয়ে যুবাদের উড়িয়ে দেওয়ার মূল নায়ক সনজিৎ সাহা। ১০ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। আর এতে রেকর্ড বইয়েই নাম উঠে গেছে তাঁর। যুব ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং। দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরাও তিনি। রেকর্ডের কথা অবশ্য জানা ছিল না তাঁর। চট্টগ্রাম থেকে বিমানে ওঠার আগ মুহূর্তে মুঠোফোনে সনজিতের প্রতিক্রিয়াটা হলো তাই পরিমিত, ‘শুনে ভালো লাগছে। রেকর্ডের ব্যাপারটা জানতাম না। এ সিরিজে আমাদের মূল লক্ষ্যই ছিল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়া। সে হিসেবে ভালোই হয়েছে। সিরিজটা দারুণ গেছে। চেষ্টা করব সামনেও এই সাফল্য ধরে রাখতে।’
কাল প্রথমে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অলআউট ২৪৩ রানে। ধারাবাহিকতার প্রতিমূর্তি সাইফ রান পেয়েছেন এ ম্যাচেও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি ওপেনার করেছেন ৪০। তবে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়েছেন নাজমুল ইসলাম। ব্লেসিং মাভুতার বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৯৬। দলকে চ্যালেঞ্জিং স্কোরের মূল ভিত্তি দিয়েছে সাইফ-নাজমুল দ্বিতীয় উইকেট জুটির ৯৩ রান। ২৪৪ রানের লক্ষ্যটা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের কাছে হয়ে যায় পাহাড়সমান! সনজিতের ভেলকিতেই তারা গুটিয়ে গেছে ১১৮ রানে। সাঈদ সরকার নিয়েছেন ২ উইকেট।
সিরিজে দারুণ বোলিং করেছেন বোলাররা। প্রতি ম্যাচেই অলআউট জিম্বাবুইয়ানরা। সিরিজে পড়েছে মোট ৬৩ উইকেট, এর মধ্যে বাংলাদেশের যুবাদের শিকার ৩৯। ১০ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি স্পিনার আরিফুল ইসলাম। আরেকটু ভালো হতে পারত, এমন আক্ষেপ থাকলেও ব্যাটিংও মন্দ হয়নি। সর্বোচ্চ ২০৮ রানে সিরিজ-সেরা সাইফ হাসান।