ছোটরা পেরেছে, বড়রা কি পারবে?

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সফর-উত্তর সংবাদ সম্মেলনে যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স অনুপ্রাণিত করছে তাদের। একই কথা কিন্তু মাশরাফি বিন মুর্তজাও বলতে পারেন, যুবদল সত্যিই অনুপ্রাণিত করেছে তাদের।
কীভাবে? সাম্প্রতিক বাংলাদেশ সফরে বর্তমান যুব বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কীভাবে নাকাল হলো, মনে আছে নিশ্চয়। সাত ম্যাচের সিরিজটা ৬-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের যুবারা।
সিরিজে বোলিং-ব্যাটিং-উভয় বিভাগেই বাংলাদেশের যুবাদের স্পষ্ট আধিপত্য। সিরিজে শীর্ষ তিন ব্যাটসম্যানের দুজনই বাংলাদেশের। সর্বোচ্চ ২৭৫ রান করেছেন দুই ব্যাটসম্যান-প্রোটিয়া দলের দায়ান গালিয়েম ও বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৫ রান এসেছে পিনাক ঘোষের ব্যাট থেকে।
বোলিংয়ে বাংলাদেশের দাপট আরও স্পষ্ট। সিরিজের সেরা চার বোলারের তিনজনই বাংলাদেশের। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ। সমান সংখ্যক ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে অবশ্য তিনে প্রোটিয়া পেসার জিয়াদ আব্রাহামস। এরপর ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে চারে বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান।
প্রোটিয়া যুবাদের মূলত স্পিনেই কাবু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরো সিরিজে দক্ষিণ আফ্রিকার ৫৭ উইকেটের ৩৪টি নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। বাকি ২৩টি পেসারদের দখলে। ঠিক উল্টোটা দক্ষিণ আফ্রিকা দলে। বাংলাদেশের মোট ৪৪ উইকেটের ২৭টি নিয়েছে প্রোটিয়া পেসাররা। ১৭টি স্পিনারদের দখলে। এক ইনিংসে সবচেয়ে ভালো বোলিং পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকা পেসার আব্রাহামসের। পঞ্চম ওয়ানডেতে ৫৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বোলিং গড়েও তিনি সেরা, ১৪. ৪০।
জাতীয় দলের সঙ্গে যুব দলের তুলনা চলে না। তবে এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা, তা থেকে নানাভাবে অনুপ্রাণিত হতে পারেন মাশরাফিরাও। অনূর্ধ্ব-১৯ দলের এ লড়াইয়ে কিন্তু দুই দলের চিরায়ত শক্তিই স্পষ্ট হয়েছে। বোলিং আক্রমণে যেমন বাংলাদেশের স্পিনাররা সফল। তেমনি সাফল্য পেয়েছেন প্রোটিয়া পেসাররাও। তবে শেষমেশ এ লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
নিজেদের হোম কন্ডিশন, শক্তি ও কৌশলে শতভাগ সফল ‘ছোটরা’। এখন প্রশ্ন, জুলাইয়ে আব্রাহাম-গালিয়েমদের বড় ভাইয়েরা এলে কেমন করবেন মাশরাফি-সাকিবরা?