ছোটু কই, খালেদ মাহমুদকে খুঁজেছিলেন ওয়াসিম আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে খালেদ মাহমুদের সঙ্গে লেগেছিল ওয়াসিম আকরামের। ফাইল ছবি
নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে খালেদ মাহমুদের সঙ্গে লেগেছিল ওয়াসিম আকরামের। ফাইল ছবি

তামিম ইকবাল তাঁর ফেসবুক লাইভ আড্ডায় কাল এনেছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশারকে। তিন 'সিনিয়রে'র সঙ্গে তামিমের আড্ডায় অনেক জানা-অজানা গল্পই উঠে এল।

মাহমুদের কাছে তামিম জানতে চাইলেন ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়টা নিয়ে। ওই ম্যাচের নায়ক খালেদ মাহমুদের সঙ্গে ওয়াসিম আকরামের লেগে গিয়েছিল। দলীয় লড়াইয়ের ফাঁকে এই দুজনের দ্বৈরথের একটা ঘটনা জানা গেল কালকের আড্ডায়।

বিশ্বকাপের পর ২০০০ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ওয়াসিম বারবার 'ছোটু কই' বলে মাহমুদকে খুঁজেছেন। কেন? সেটি মাহমুদের কাছেই শোনা যাক, 'ম্যাচে (বিশ্বকাপের) তখন ৩ উইকেট পেয়ে গেছি। পাকিস্তানে চাপে। আমাদের হারানোর কিছু ছিল না সেই ম্যাচে। ওয়াসিম আকরাম আমাকে একটা চারও মেরেছিল। তখন ওর চোখে চোখ রেখে তাকিয়ে ছিলাম। এটার কারণও ছিল।'

কারণটা হচ্ছে, নেটে মাহমুদের বলে দারুণ এক শট খেলেছিল শাহরিয়ার হোসেন।  সতীর্থ ব্যাটসম্যানের শটের তারিফ করছিলেন মাহমুদ। তখন বাংলাদেশ দলের  বোলিং কোচ অ্যালান ওয়ার্ড তাঁর কাছে জানতে চাইলেন, 'তুমি কি ম্যাচেও প্রতিপক্ষ ব্যাটসম্যানকে এমনটা বলবে?' মাহমুদ বললেন, 'অবশ্যই না।' বোলিং কোচ তখন বললেন, 'প্রতিপক্ষ ব্যাটসম্যানকে গালি দেওয়ার দরকার নেই। তবে চোখে চোখে রেখে কথা বলো।'

কোচের কথাটা মনে রেখেই ম্যাচে ওয়াসিমের দিকে চোখ চোখ রেখে কথা বলেছিলেন মাহমুদ। কিন্তু বিষয়টা ভালো লাগেনি পাকিস্তান অধিনায়কের। মাহমুদ বললেন, 'তখন সে গালি দিয়ে বলে, আমার দিকে তাকাস ছোটু! সে আকরামের (খান) কাছেও বিচার দেয়, তোর ছোটু আমার দিকে তাকিয়ে আছে!'

বিশ্বকাপের পরে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হয় ২০০০ এশিয়া কাপে, ঢাকায়। পাকিস্তানের দেওয়া ৩২১ রানের বিশাল লক্ষ্য পেরোতে গিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যখন প্রায় বিধ্বস্ত, এই সময় খালেদ মাসুদকে এসে ওয়াসিম জিজ্ঞেস করছে, 'তোদের সেই ছোটুটা কোথায়? সে আজ খেলেনি?' মাসুদ উত্তর দিল, 'সে তো আউট হয়ে চলে গেছে।' শুনে ওয়াসিম বোধ হয় একটু হতাশই হলেন, 'কখন আউট হয়েছে, কোন সময় আউট হলো! ওকে তো আমার বাউন্সার মারার পরিকল্পনা ছিল।'

এত দিনের স্মৃতি মনে করে মাহমুদ হাসেন, '(ওয়াসিম) আমার গায়ে মারতে চেয়েছিল!'