ছেড়ে দাও অধিনায়কত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারি রিচার্ডস ও  এবি ডি ভিলিয়ার্স
ব্যারি রিচার্ডস ও এবি ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স কি টেস্ট ক্রিকেটে ফিরবেন, না চিরতরে ছেড়ে দেবেন সাদা পোশাকের ক্রিকেট? আগামী মাসে দেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের। তার আগে অনেকেই নানা পরামর্শ দিচ্ছেন ডি ভিলিয়ার্সকে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ কদিন আগে বলেছেন, ডি ভিলিয়ার্সের উচিত অধিনায়কত্ব ছেড়ে দিয়ে পুরোপুরি খেলায় মনোযোগ দেওয়া। পরশু স্মিথের মতো ডি ভিলিয়ার্সকে একই পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্যারি রিচার্ডস।

যুক্তি সেই একই, অধিনায়কত্বের ভারমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে যাতে লম্বা করা যায়। টেস্ট ক্রিকেট ছাড়ার চিন্তাভাবনা গত বছরই করেছিলেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ) সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সময় দিয়ে টেস্ট ক্রিকেট থেকে এক বছরের জন্য ছুটি দিয়ে দিয়েছে তাঁকে। এরপর থেকে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছেন ডি ভিলিয়ার্স।

তবে এবারের ইংল্যান্ড সফরটা ভালো কাটেনি তাঁর। তাঁর অধিনায়কত্বেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হার, মাঝে চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রথম রাউন্ডে বিদায়। তাই এখন প্রশ্ন উঠেছে বিস্ফোরক ও উদ্ভাবনী ব্যাটিংয়ের কারণে যাঁকে ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান বলা হয়, সেই ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়ে।

বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকার নির্বাসনের আগে মাত্র চার টেস্টে ৭২-এরও বেশি গড়ে ক্যারিয়ার থমকে যাওয়া রিচার্ডস মনে করেন, এটি আগেই ঠিক করে ফেলা উচিত ছিল ডি ভিলিয়ার্সের, ‘ডি ভিলিয়ার্সের ব্যাপারটা অনেক দূর চলে গেছে। যতটুকু গুরুত্ব পাওয়ার কথা, তার চেয়ে অনেক বড় হয়ে উঠেছে এটি।’

ডি ভিলিয়ার্স ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লে দক্ষিণ আফ্রিকার কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন রিচার্ডস, ‘তার (ডি ভিলিয়ার্স) নতুন সংসার, তাকে অনেকটা সময় বাইরে থাকতে হয়। (দক্ষিণ আফ্রিকার হয়ে) খেলা চালিয়ে যেতে চাইলে তার উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। ফাফ (ডু প্লেসি) ভালোই করছে। আমি মনে করি তিন সংস্করণেই সে ভালো করবে। এবির উচিত অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া। সে দারুণ খেলোয়াড়, তবে গত কয়েক মাসে তার সেরাটা আমরা দেখিনি।’

চার টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এখন ইংল্যান্ডে। ৬ জুলাই থেকে শুরু প্রথম টেস্টে অধিনায়ক ডু প্লেসিকে সম্ভবত পাচ্ছে না প্রোটিয়ারা। সন্তানের জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকতে ডু প্লেসি এখন দক্ষিণ আফ্রিকায়। পরশু প্রথম সন্তানের বাবাও হয়েছেন। তবে সিএসএর এক মুখপাত্র বলেছেন, ডু প্লেসির স্ত্রী ও সন্তান ‘প্রসব-পরবর্তী জটিলতায়’ ভুগছে। স্ত্রী ও সন্তান পুরোপুরি সুস্থ না হলে শিগগিরই ইংল্যান্ড ফেরার সম্ভাবনা নেই ডু প্লেসির। ডি ভিলিয়ার্স টেস্ট থেকে ছুটি নিয়েছেন, ডু প্লেসি স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে ব্যস্ত। তাহলে টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এখন কে? ৩৫ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার ডিন এলগার।  এএফপি, ক্রিকইনফো।