ছেড়েই দিলেন জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়বেলায় স্ত্রী জেসিকা ও মেয়ে রুবিকার সঙ্গে আবেগাপ্লুত জনসন l ক্রিকেট অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়বেলায় স্ত্রী জেসিকা ও মেয়ে রুবিকার সঙ্গে আবেগাপ্লুত জনসন l ক্রিকেট অস্ট্রেলিয়া

খবরটা শুনে টেন্ডুলকার টুইট করেছেন, ‘শুভকামনা রইল। ওর আগ্রাসনটা উপভোগ করতাম।’
এটা যে নেহাত ভদ্রতা করে বলা, সেটা যে-কেউই বুঝবে। নইলে নিয়মিত ১৫০ কিলোমিটার গতির বল কি আর কোনো ব্যাটসম্যান ‘উপভোগ’ করে? সে আপনি শচীন টেন্ডুলকারই হন বা অন্য কেউ! শেষ পর্যন্ত তাই টেন্ডুলকার নন, রায়ান হ্যারিসের কথাটাই বেশি সত্যি বলে মনে হবে—‘বিশ্বের অনেক ব্যাটসম্যানই হাঁফ ছেড়ে বাঁচল!’
কেন বাঁচলেন? কারণ মিচেল জনসন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। ‘সময় চলে এসেছে’—এ জাতীয় একটা কথা বলেছিলেন পার্থ টেস্ট শুরুর আগেই। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি, তা কে জানত! ওয়াকায় চতুর্থ দিনের খেলা শেষ আর পঞ্চম দিনের খেলা শুরুর মাঝে কোনো একটা সময়ে তাঁর মনে হলো—গতির ঝড় তোলা আর ব্যাটসম্যানদের আতঙ্কিত করা ঢের হয়েছে, আর নয়!
১৭ বছর বয়সী জনসনকে প্রথম দেখে তাঁর মধ্যে যিনি অপার সম্ভাবনা দেখেছিলেন, সেই ডেনিস লিলিকে পেরিয়ে যাওয়ার হাতছানি আর টানল না। টানল না অ্যাডিলেডে দিন দশেক পরেই হতে যাওয়া দিবা-রাত্রির টেস্টটা খেলে ইতিহাসের অংশ হওয়ার হাতছানিও। প্রথমে নাকি কোচ ড্যারেন লেম্যান আর অধিনায়ক স্টিভেন স্মিথকে আলাদা করে ডেকে নিয়ে জানিয়েছেন সিদ্ধান্তটা। পরে জানল তাঁর আনুষ্ঠানিক বিবৃতিতে, ‘আমার মনে হচ্ছে, বিদায় বলে দেওয়ার এটাই সঠিক সময়।’
৭৩ টেস্টে ৩১৩ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২৩৯টি। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে উইকেটের হিসেবে তাঁর সামনে আছেন শুধু শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) আর ডেনিস লিলি (৩৫৫)। কিন্তু শুধু পরিসংখ্যানের এই মূক সংখ্যাগুলো দেখে কেউ জানবে না, কত ব্যাটসম্যানের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন জনসন। জোনাথন ট্রট হয়তো কিছুটা বলতে পারবেন। শেষ পর্যন্ত যে অবসাদগ্রস্ত হয়ে অবসরই নিয়ে নিলেন, তার জন্য তো জনসনের বিভীষিকাময় বাউন্সারগুলোও কম দায়ী নয়! আর শুধু ট্রট কেন, দুই বছর আগের সেই অ্যাশেজের কথা ভেবে এখনো কি মাঝে মাঝে রুট-কুক-বেলদের গায়ে কাঁটা দিয়ে ওঠে না? ওই সিরিজে ১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট নিয়ে জনসন একাই তো হারিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে।
ফাস্ট বোলারকে দেখে ব্যাটসম্যানের শিরদাঁড়ায় যে ভয়ের কাঁপনটা ছড়িয়ে পড়ার কথা, সেটা শোয়েব আখতার-ব্রেট লিদের অবসরের পর যেন কিছুটা হারাতে বসেছিল ক্রিকেট থেকে। জনসনের হাত থেকে বেরোনো বিধ্বংসী গোলা ফিরিয়ে এনেছিল সেই ভয়ংকর সুন্দর ফাস্ট বোলিংকে।
ক্যারিয়ারের সেরা সময় কেটেছে দুই বছর আগের ওই অ্যাশেজের সময়ই। অ্যাশেজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও সেই বিধ্বংসী রূপটা ছিল। ৩ টেস্টে ২২ উইকেট। কিন্তু গত এক বছরে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই চেনা জনসনকে। পার্থ টেস্টের আগ পর্যন্ত এ বছর ৮ টেস্টে ৩০.৯৬ গড়ে ২৭ উইকেট। তাঁর নামের পাশে বেমানান বৈকি! কে জানে, মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের এই দলে আরও বেমানান হয়ে যাওয়ার শঙ্কাতেই ‘সময় চলে এসেছে’ জাতীয় ভাবনা পেয়ে বসেছিল কি না! পার্থের প্রথম ইনিংসেও ১৫৭ রান দিয়ে মাত্র ১ উইকেট। কিন্তু কাল শেষ দিনে টম ল্যাথাম ও মার্টিন গাপটিলকে যেভাবে আউট করেছেন, তা দেখে কে বলবে জনসনের সময় ফুরিয়ে গেছে! গাপটিলকে ফেরালেন ভয়ংকর এক বাউন্সারে টালমাটাল করে।
এমন একজনের অবসরের খবর শুনে তাই সাবেক ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকারও বলেছেন, ‘ওর মতো বোলার আজকাল আর খুব বেশি আসে না। দ্রুত ও ভীতিকর ধরনের বোলার।’
বিশ্বের অনেক ব্যাটসম্যান আসলেই তো হাঁফ ছেড়ে বাঁচলেন!