ছোট মাসাকাদজাই সেরা মাসাকাদজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলিংটন মাসাকাদজা
ওয়েলিংটন মাসাকাদজা

‘নিউজিল্যান্ডের বড় সব শহরের মালিকানা তাহলে আপনাদের পরিবারের?’
শুরুতেই রসিকতটা বুঝতে না পেরে বেচারা তাকিয়ে রইলেন চোখ বড় করে। সঙ্গে তাই যোগ করতে হলো, ‘এই যে আপনার নাম ওয়েলিংটন, বড় ভাইয়ের নাম হ্যামিল্টন...!’ এবার বুঝেই হাসি, ‘বলতে পারেন! সত্যিই মালিক হলে খারাপ হতো না...।’ সঙ্গে অবশ্য সিরিয়াস ভঙ্গিতে জানিয়ে রাখলেন, নিউজিল্যান্ডের সঙ্গে তাঁদের পরিবারের কোনো সংযোগ নেই। নামগুলো মিলে যাওয়া কাকতালমাত্র।
তাঁকে নিয়ে আগ্রহের মূল কারণ অবশ্য নামের প্রথম অংশ নয়। আগ্রহ শেষ অংশে—‘মাসাকাদজা’, ওয়েলিংটন মাসাকাদজা। ক্রিকেটে জিম্বাবুয়ের মাসাকাদজা পরিবারের নবতম প্রতিনিধি। বড় ভাই হ্যামিল্টন ছিলেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, পরে যে রেকর্ড ভেঙে দেন মোহাম্মদ আশরাফুল। এখনো দলের অবিচ্ছেদ্য অংশ হ্যামিল্টন। শিঙ্গিরাই মাসাকাদজাও দলে থিতু হয়ে উঠছেন। আর দলে ঢোকার দাবি নিয়ে চলে এসেছেন এই ভাই, ওয়েলিংটন। জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে। ছায়া জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই প্রথম ইনিংসে ক্যারিয়ার-সেরা বোলিংসহ (৬/৬৩) নিয়েছেন ৮ উইকেট। নিজের পারফরম্যান্সে তিনি দারুণ খুশি। কৃতিত্ব খানিকটা দিলেন বাংলাদেশের এক স্পিনারকেও, ‘এ দলের হয়ে প্রথম ম্যাচেই ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স, খুব ভালো লাগছে। বাংলাদেশের সাকলাইনও দারুণ বোলিং করেছে, ওর বোলিং দেখে অনুপ্রাণিত হয়েছি। ওর প্রান্ত থেকেই ওর মতো করে বোলিং করে উইকেট পেয়েছি।’
প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করতে চান পরের ম্যাচেও। আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের মূল দল। ওয়েলিংটনের চোখ সেদিকেই, ‘জাতীয় দলে খেলার জন্য তর সইছে না। বিশেষ করে বাংলাদেশের মতো স্পিনবান্ধব কন্ডিশনে ক্যারিয়ার শুরু করতে পারলে দারুণ হয়! অবশ্যই চাই জিম্বাবুয়ে জাতীয় দলের সঙ্গে বাংলাদেশে আসতে। পরের ম্যাচেও যদি ভালো করি, কে জানে, হয়তো ডাক পেয়েও যেতে পারি!’
সত্যিই ডাক পেলে, সেটি হবে স্বপ্নপূরণ। শুধু ওয়েলিংটনের জন্য নয়, বড় দুই ভাই, তাঁদের পরিবারেরও স্বপ্নপূরণ! ‘হ্যামিল্টন-শিঙ্গির সঙ্গে খেলতে পারলে দারুণ হয়। অনেক দিন থেকেই আমাদের স্বপ্ন, নিজেরা কথা বলি যে কখন তিনজন একসঙ্গে খেলব জাতীয় দলে। ওরা দুজন আমার সব সময়ের অনুপ্রেরণা। দেশের হয়ে ওদের খেলতে দেখে ভালো লাগে। আশা করি, আমিও ওদের পথ ধরে হাঁটতে পারব।’
আগামী মাসেই ২১ পূর্ণ করবেন ওয়েলিংটন। বড় ভাই হ্যামিল্টন প্রায় ১০ বছরের বড়, শিঙ্গিরাই প্রায় সাত বছরের। নয় ভাইবোনের আর কেউ পেশাদার খেলাধুলায় নেই, ছিলও না কেউ। বড় দুই ভাইকে দেখেই ক্রিকেটে এসেছেন ওয়েলিংটন। যদিও মিল নেই তিনজনের ধরনে। হ্যামিল্টন টপ অর্ডার ব্যাটসম্যান, সঙ্গে করেন মিডিয়াম পেস ও লেগ স্পিন। শিঙ্গি পেস বোলার, পাশাপাশি লোয়ার অর্ডারে হার্ড হিটিং ব্যাটিং। ওয়েলিংটন পেস বোলারই ছিলেন। পরে মনে হয়েছে স্পিনেই সম্ভাবনা বেশি। ১৬ বছর বয়সে তাই হয়ে গেছেন বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনের সুফলা ভূমিতে এসে প্রথম ম্যাচেই প্রমাণ করলেন, সিদ্ধান্ত ভুল হয়নি!
সাকিবের বোলিং তাঁর ভালো লাগে। তবে অনুসরণ করেন রবীন্দ্র জাদেজাকে। যদিও নায়ক তাঁর কাছে বড় দুই ভাই, ‘দুজনই আমার মেন্টরের মতো। অনেক কিছু শিখতে পারি ওদের কাছ থেকে। ওরা সব সময় আমার খেয়াল রাখে, বলে কী করতে হবে।’ তিন ভাইয়ের মধ্যে সেরা ক্রিকেটার? চোখ নাচিয়ে ওয়েলিংটনের উত্তর, ‘আমিই সেরা!’
আত্মবিশ্বাস এমন থাকলে অনেকটা পথ পেরোনো নিশ্চিত!