ছোটদের 'বড়' শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৫ জুন ২০১৭। স্কটিশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল এক দিন। এই দিনেই যে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম কোনো টেস্ট দলের বিপক্ষে ওয়ানডে জিতেছে স্কটল্যান্ড। ১৯৯৯ বিশ্বকাপে প্রথম ওয়ানডে খেলেছে স্কটল্যান্ড। এরপর টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে ২৪ ম্যাচ জয়শূন্য ছিল দলটি।

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার আগে বাংলাদেশ মাত্র একটি ওয়ানডে জিতেছিল টেস্ট দলের বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই জয়টি ছিল টেস্ট দলের বিপক্ষে বাংলাদেশের ২৮তম ম্যাচ। বাংলাদেশকে অবশ্য স্কটল্যান্ডের মতো ১৮ বছর অপেক্ষা করতে হয়নি। বাংলাদেশ প্রথম ‘টেস্ট’ শিকার ধরে ওয়ানডে অভিষেকের ১৩ বছর পর।

জিম্বাবুইয়ানদের অবশ্য টেস্ট দল শিকার করতে কোনো অপেক্ষাই করতে হয়নি। ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে খেলে ১৯৮৩ বিশ্বকাপে। অধিনায়ক ডানকান ফ্লেচারের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডে অভিষেকেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের ২৩৯ রানে ফ্লেচারের অপরাজিত ৬৯ রানই ছিল সর্বোচ্চ। এরপর মিডিয়াম পেসে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২২৬ রানে বেঁধে দলকে ১৩ রানে জিতিয়ে দেন ফ্লেচার।

‘বড়’ শিকার ধরায় জিম্বাবুয়ের পরেই আছে আয়ারল্যান্ড। ২০০৭ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ওয়ানডেতে আইরিশরা হারিয়ে দেয় পাকিস্তানকে। ঠিক আগের ম্যাচটিতেই আয়ারল্যান্ড টাই করেছিল জিম্বাবুয়ের সঙ্গে। টেস্ট দলের বিপক্ষে চতুর্থ ম্যাচে জয় পেয়ে এরপর আছে আফগানিস্তান। ২০১৪ এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানরা।

হল্যান্ডেরও প্রথম বড় শিকার বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোতে বাংলাদেশকে হারিয়ে দেয় ডাচরা। টেস্ট দলের বিপক্ষে হল্যান্ডের ওটাই একমাত্র জয়। সহযোগী দলের মধ্যে টেস্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ জিতেছে কেনিয়া।