ছয় ছক্কার ব্যাট 'পরীক্ষা' করা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেদিন যুবরাজ টি-টোয়েন্টিকে অন্য মাত্রা নিয়ে গিয়েছিলেন। ফাইল ছবি
সেদিন যুবরাজ টি-টোয়েন্টিকে অন্য মাত্রা নিয়ে গিয়েছিলেন। ফাইল ছবি

প্রথম বলটা মাঠের বাইরে মিড উইকেটের ওপর দিয়ে। দ্বিতীয় বলেরও একই নিয়তি। এবার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা। দূরত্ব আগেরটির চেয়ে বেশি, ১১১ গজ। তৃতীয় বলটাও সীমানা পার হলো শূন্যে ভেসে। তিন বলে তিন ছক্কা! বোলার স্টুয়ার্ট ব্রড, ব্যাটসম্যান যুবরাজ সিং।

থতমত খেয়ে যাওয়ায় চতুর্থ বলটা ফুল টস মেরে বসেন ব্রড। যথারীতি একই পরিণতি। ইংল্যান্ড দলের সবাই মাঠে জরুরি বৈঠকে। ব্রডকে তারা এমনভাবে শিখিয়ে পড়িয়ে দিলেন যে শুধু বুকে ফুঁ মেরে দেওয়াই বাদ ছিল। কিন্তু ব্রডের ভাগ্য পাল্টায়নি। পাঁচ নম্বর ছক্কা হলো মিড উইকেটের ওপর দিয়ে, ছয় নম্বরটা মিড অন দিয়ে। এক ওভারে ছয় ছক্কা! ডারবানের কিংসমিড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচে।

যুবরাজ যে ব্যাট দিয়ে ছয় ছক্কা মেরেছিলেন, তা পরীক্ষা করে দেখেছিলেন ম্যাচ রেফারি। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে ইনস্টাগ্রামে সরাসরি আলাপচারিতায় এ কথা বলেন বিশ্বকাপজয়ী সাবেক এ অলরাউন্ডার,‌ ‘অস্ট্রেলিয়ান কোচ তখন এসে বলেছিল, ব্যাটে কোনো ফাইবার আছে কি না। থাকলে সেটা বৈধ কি না তাও জিজ্ঞেস করেছিল। জানতে চেয়েছিল ম্যাচ রেফারি পরীক্ষা করেছে কি না? বললাম, পরীক্ষা করাও। ম্যাচ রেফারি ব্যাট পরীক্ষা করেছিল।’

হিরো হোন্ডা স্টিকার মারা ব্যাট দিয়ে সে ম্যাচে খেলেছিলেন যুবরাজ। ব্যাটের কানায় খোদাই করে লেখা ছিল ‘টন’। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টও সেই ব্যাটের খোঁজ নিয়েছিলেন, ‘গিলক্রিস্ট জানতে চেয়েছিল ব্যাটটা কারা বানিয়েছে। সত্যি বলতে ওই ব্যাটটা আমার কাছে বিশেষ কিছু। কখনো অমন ব্যাট দিয়ে খেলিনি। ওটা আর ২০১১ বিশ্বকাপের ব্যাট।’