ছয় দলের ইমার্জিং কাপ ক্রিকেট
আটটি নয়, শেষ পর্যন্ত ছয় দল নিয়ে হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি অনুযায়ী ওই সময় অন্য খেলায় ব্যস্ত থাকবে বলে বাংলাদেশে আসতে পারবে না হংকং ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৫ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৫ এপ্রিল।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী কাল টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যুর নামও জানিয়ে দিলেন, ‘প্রাথমিকভাবে আমরা বিকেএসপি ও কক্সবাজারে খেলা আয়োজনের পরিকল্পনা করেছি। ফাইনাল হবে মিরপুরে।’ ৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের খেলোয়াড় রাখতে পারবে চারজন করে। তবে অন্য দুই দল আফগানিস্তান ও নেপালের হয়ে তাদের জাতীয় দলই খেলবে টুর্নামেন্টে।
অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের ইমার্জিং কাপের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা ২৫ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, টুর্নামেন্টের জন্য জাতীয় দলের চার খেলোয়াড় নির্বাচন করা হবে শ্রীলঙ্কার সফরের ওয়ানডে দল ঘোষণার পর।