ছয় বছর পর চ্যাপেল-হ্যাডলি সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালাম
ম্যাককালাম

এমন দ্বিপক্ষীয় সিরিজ তো কতই হচ্ছে। এটা তবে কেন আলাদা?
দুটি কারণে। এক. এফটিপির ব্যস্ত সূচির কারণে চ্যাপেল-হ্যাডলি ট্রফি নামে যে একটা জমজমাট দ্বিপক্ষীয় সিরিজ হয়, সেটি সবাই প্রায় ভুলতেই বসেছিল। প্রায় ছয় বছর পর সেই দ্বৈরথ আবার পুনর্জীবন পাচ্ছে এই সিরিজ দিয়ে। দুই. এটি ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী ওয়ানডে সিরিজ।
সেই ম্যাককালাম, যিনি তাঁর আগ্রাসী ব্যাটিং, ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে শুধু নিউজিল্যান্ডের ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই একটা পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছেন।
অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার তিন ম্যাচ সিরিজের প্রথমটি দিয়ে তাই এক চেনা দ্বৈরথের প্রত্যাবর্তন হচ্ছে, আবহ সংগীত হিসেবে বাজছে ম্যাককালামের বিদায়-রাগিণী!
বিদায়ের এই আবহ যাতে ক্রিকেট থেকে মনোযোগটা সরিয়ে না ফেলে, সেদিকে ম্যাককালাম নিজে কিন্তু বেশ সতর্ক। সোজাসাপ্টা নিজের খেলোয়াড়দের বলে দিয়েছেন, ‘বেশি কিছু করার দরকার নেই। শুধু খেলাটায় মনোযোগ দাও।’ তাঁর দাবি, ‘আমি নিজেও এটাকে আমার বিদায়ী সিরিজ হিসেবে নিচ্ছি না। বরং দলের জন্য এটা দারুণ এক সুযোগ নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার।’
চ্যাপেল-হ্যাডলি ট্রফি নিয়ে নিউজিল্যান্ডের সুখস্মৃতি অবশ্য খুব কম। ২০০৪ সালে মেলবোর্ন ও ক্রাইস্টচার্চে আনুষ্ঠানিক দুটি সংবাদ সম্মেলন দিয়ে যখন দ্বিপক্ষীয় এ সিরিজটা শুরু হয়, কথা ছিল প্রতিবছরই একবার করে হবে সেটা। পরের টানা ছয় বছর হয়েছেও এবং সেখানে অস্ট্রেলিয়ানদেরই দাপট ছিল। প্রথম ছয়টি সিরিজের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া, একটি নিউজিল্যান্ড (২০০৬-০৭ মৌসুমে), অমীমাংসিতভাবে শেষ হয়েছে অন্য দুটি।
মাঝখানে লম্বা বিরতির কারণে ২০১১ বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটাকেই চ্যাপেল-হ্যাডলি ট্রফির ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছিল। নাগপুরের সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল ৭ উইকেটে। গত বছর বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটিও তা-ই, অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে ট্রফি পুনরুদ্ধার করে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফাইনালও এ দুটি দলের মধ্যেই হয়েছিল, তবে বিশ্বকাপ শিরোপার লড়াই বলে সেটাকে চ্যাপেল-হ্যাডলি ট্রফির ম্যাচ হিসেবে ধরা হয়নি।
ট্রফিটা আপাতত তাই নিউজিল্যান্ডের কাছে। নিজের মাঠে সিরিজ বলে এবার তারা সেটা রেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবে। এর সঙ্গে ম্যাককালামকে বিদায়ী উপহার দেওয়ার একটা অনুপ্রেরণা তো থাকছেই। বিদায়-উৎসব তবেই না জমজমাট হবে!
অনুমিতভাবেই সেই উৎসব ভন্ডুল করে দিতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘দীর্ঘদিন ধরেই ব্রেন্ডন ওদের জন্য অসাধারণ এক খেলোয়াড়, নেতা। কোনো সন্দেহ নেই, ওকে সবচেয়ে ভালোভাবেই বিদায় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তারা। আমাদের কাজ হচ্ছে সেটা হতে না দেওয়া।’ এএফপি।
ট্রান্স-তাসমান দ্বৈরথের চেনা ঝাঁজটা পাচ্ছেন তো?