ছয়ে থেমে গেল জয়রথ
জ্যাক বলের দুটি বলেই এত বড় ক্ষতি হয়ে যাবে কে জানত!
প্রথম ওয়ানডেতে টানা দুই বলে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেনকে ফিরিয়েছেন। তাতেই জয় দেখতে থাকা বাংলাদেশের মুঠো গলে বেরিয়ে গেল ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজটাও খোয়াল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় যাত্রাটাও তাই থামল। ২০১৪ সালের নভেম্বরে শুরু হয়েছিল এই যাত্রা। জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করে শুরু, এরপর দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ একে একে হারিয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে।
ইংল্যান্ডকে হারাতে পারলে টানা ৭টি ওয়ানডে সিরিজে জয়ী হতো বাংলাদেশ। কিন্তু ছোটখাটো কিছু ভুল বাংলাদেশের এ স্বপ্নযাত্রা থামিয়ে দিল ছয়েই। তবে দ্বিপাক্ষিক সিরিজে টানা ৬টি সিরিজ জয়ের সাফল্যও কম নয়। ওয়ানডেতে এমন টানা সাফল্য খুব বেশি দল পায়নি। বাংলাদেশ ছাড়া শুধু ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানেরই দৃষ্টান্ত আছে এমন কিছু করে দেখানোর।
ক্রিকেটে আশির দশকে রাজত্ব করেছে মহাপ্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে উইন্ডিজদের হারকে এখনো অঘটন ভাবা হয়। ভাবনাটা অমূলক নয়, ১৯৮০ সালের মে মাস থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজে ক্যারিবীয়দের যে হারাতে পারেনি কোনো দল। টানা ১৫ সিরিজ জয়ের পর ওই ইংল্যান্ডের কাছে হেরেই থামে তাদের সেই অবিশ্বাস্য জয়রথ। টানা সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজের ধারেকাছেও যেতে পারেনি কেউ। রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াই শুধু ২০০৯-১০ মৌসুমে টানা ৭টি সিরিজ জিতেছিল। এ ছাড়া শুধু ভারত ও পাকিস্তানেরই আছে বাংলাদেশের মতো টানা ৬ সিরিজ জেতার রেকর্ড।
বাংলাদেশের এই ৬টি সিরিজ জয়ই ঘরের মাঠে। এ প্রসঙ্গ টেনেও বাংলাদেশের কৃতিত্বকে খাটো করার উপায় নেই। অস্ট্রেলিয়ার মতো দলও ঘরের মাঠে টানা ৪টির বেশি সিরিজ জিততে পারেনি। দেশের মাটিতে কখনো টানা ৬ সিরিজ জিততে পারেনি ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাও। বাংলাদেশ ছাড়া শুধু ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই পেরেছে টানা ৬ বা এর বেশি সিরিজ জিততে। ওয়েস্ট ইন্ডিজের আশির দশকের দলটি পেরেছিল ঘরের মাঠে টানা ৯ সিরিজ জিততে। তবে দেশের মাটিকে কীভাবে দুর্গ বানাতে হয়, সেটা দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ১৭টি সিরিজ জিতেছে প্রোটিয়ারা!
১৫
ওয়ানডেতে রেকর্ড টানা ১৫টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ
১৭
দেশের মাটিতে টানা সবচেয়ে বেশি ১৭টি সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার