প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই টেস্টেই কি স্যার গারফিল্ড সোবার্সকে ‘ছাড়িয়ে’ যাবেন আসাদ শফিক? ক্রিকেটীয় নানা কীর্তিতে ক্যারিবীয় কিংবদন্তির চেয়ে যোজন ব্যবধানেই পিছিয়ে পাকিস্তানি ব্যাটসম্যান। কিন্তু আবুধাবি টেস্টে সেঞ্চুরি করেই সোবার্সের একটি কীর্তি ছুঁয়ে ফেলেছেন শফিক—ছয় নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি সেঞ্চুরির। টেস্টে আটটি সেঞ্চুরি শফিকের, সবগুলোই ছয়ে ব্যাট করে। ছয়ে আট সেঞ্চুরি সোবার্সেরও। এত দিন সেটাই ছিল রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি করে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল, শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে ও ইংল্যান্ডের টনি গ্রেগ। টেস্টে কোনো একটি নির্দিষ্ট পজিশনে ব্যাট করে সবচেয়ে বেশি সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির ৫১টি টেস্ট সেঞ্চুরির ৪৪টিই চার নম্বরে।