জগৎটাই বদলে গেছে সৌম্যর

সৌম্য সরকার কাল যাচ্ছিলেন সাতক্ষীরা। মনে রোমাঞ্চ। কী অপেক্ষা করে আছে সেখানে!
বাড়িতে মা নমীতা রানী সরকার আছেন। বাবা কিশোরী মোহন সরকার নড়াইলের শিক্ষা অফিসার। সাপ্তাহিক ছুটিতে তিনিও বাড়ি আসবেন আগামীকাল। বিশ্বকাপ খেলে এসে বাবা-মায়ের কাছে যাওয়ার আনন্দ মনে ছিল। সঙ্গে বাড়তি ওই রোমাঞ্চও। এলাকার মানুষ নাকি অপেক্ষা করছে তাঁর জন্য। কেমন হবে অভ্যর্থনা?
যশোর বিমানবন্দরে পৌঁছেই চমকে গেলেন সৌম্য। হুড খোলা গাড়ি নিয়ে অপেক্ষায় সমর্থকেরা। সেটিতে চড়ে রওনা দিলেন সাতক্ষীরার উদ্দেশে। ঝিকরগাছায় থামতে হলো, থামতে হলো কলারোয়াতেও। ঝিকরগাছায় জাতীয় দলের আরেক ক্রিকেটার সৈয়দ রাসেল সংবর্ধনার আয়োজন করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের উদ্যোগে কলারোয়ায় সংবর্ধনা দিল স্থানীয় ক্রীড়া সংস্থা। সাতক্ষীরায় পৌঁছানোর পর তো এলাহি কাণ্ড! শ খানেক মোটরসাইকেল আর গাড়ির বহর নিয়ে শহর ঘোরানো হলো সৌম্যকে। স্থানীয় গণমুখী ক্রীড়া সংস্থায় গিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ। সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান দিলেন আরেকটা সংবর্ধনা। এরপর সবাই সৌম্যকে পৌঁছে দিলেন তাঁদের আমতলার বাসায়।
ঢাকা থেকে নিয়ে যাওয়া রোমাঞ্চের আনন্দঘন সমাপ্তিই ঘটেছে নিজের শহরে। তবে ‘সারপ্রাইজ’ যে কিছু হতে যাচ্ছে সৌম্য তা আঁচ করতে পেরেছিলেন। কিন্তু গত ২৪ জানুয়ারির অজানা সেই রোমাঞ্চের কথা একবার ভাবুন! জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় একটি মাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে উঠেছিলেন বিশ্বকাপের বিমানে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেই ঠিকভাবে পরিচয় ঘটেনি। বিশ্বকাপ কী এবং কেমন, অনুমান করাও কঠিন ছিল তাঁর জন্য। তার পরও সৌম্য প্রতিশ্রুতি দিয়ে গেলেন, ‘সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চাই।’
প্রতিশ্রুতি রাখতে পারলেন? একটি ফিফটিসহ ছয় ম্যাচে ২৯.১৭ গড়ে রান ১৭৫। ২০-এর নিচে মাত্র এক ম্যাচে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের অপরিচিত কন্ডিশনের সঙ্গে দারুণ মানিয়ে নিলেন! সৌম্যর মধ্যে তাই ভবিষ্যৎ তারকার ছবি দেখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর সাহসী ব্যাটিংয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও। কাল মুঠোফোনে অজানাকে জয় করার রহস্য খুললেন সৌম্য, ‘আমি আসলে কোনো কিছু নিয়েই খুব বেশি চিন্তা করিনি। চিন্তা করলে চাপটা বেশি আসত। দলের বড়রাও বলছিলেন চাপ নেওয়ার দরকার নেই। মাশরাফি ভাই সব সময় বলতেন সাহস নিয়ে খেলো।’
এত কম অভিজ্ঞতায় বিশ্বকাপ থেকে আর বেশি কীই-বা পেতে পারতেন! সৌম্য তবু অতৃপ্ত, ‘আমার সর্বোচ্চটা দিতে পারিনি। ইনিংসগুলো বড় করতে না পারার আফসোস আছে। কদিন খেলার বাইরে থেকে এগুলো নিয়ে কাজ করব।’
সমস্যা কাটিয়ে উঠতে কোচ বা সিনিয়রদের পরামর্শ নেওয়ার ইচ্ছা আছে। তবে সমস্যাটা ধরতে পেরেছেন নিজেই, ‘ঘরোয়া ক্রিকেটে একটু রিলাক্স হলেও পার পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে তা হয় না। ওখানে বাজে বল অনেক কম আসে। রিলাক্স হওয়ার সুযোগ নেই। হয়তো ভুল করেছি বলেই আউট হয়ে যেতাম।’
নিজের পারফরম্যান্স নিয়ে অতৃপ্তি আছে, তবে বিশ্বকাপের আগে-পরের জীবনের পার্থক্যটা বেশ বুঝতে পারছেন। সৌম্যর মুখেই শুনুন, ‘আগে বিদেশ থেকে বিমানবন্দরে নামলে কেউ আমাকে চিনত না। এবার অনেকেই চিনেছে। দাঁড়িয়ে ছবি তুলেছে, অভিনন্দন জানিয়েছে।’ সাতক্ষীরা যাওয়ার পর নিশ্চয়ই ব্যাপারটা আরও বেশি স্পষ্ট। মাত্র দুই মাসেই মহা পরিবর্তন! গ্রিন ইউনিভার্সিটির স্নাতক শ্রেণির ছাত্র সাধারণ এক ক্রিকেটার থেকে এখন রীতিমতো নায়ক।
তবে সৌম্যর কাছে এটা কেবলই শুরু। যেতে চান আরও বহুদূর। কণ্ঠে সেই আত্মবিশ্বাসের ফুলকি, ‘আমার মধ্যে একটা বিশ্বাস এসেছে যে আমি পারব। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ও রকম উইকেটে যদি খেলা যায়, তার মানে অন্য জায়গায়ও খেলতে পারব।’
২০১৫ বিশ্বকাপ যদি হয় বাংলাদেশের সেরা বিশ্বকাপ, এই বিশ্বকাপের সেরা আবিষ্কার বোধ হয় সৌম্য সরকারই।