জঘন্য ইংল্যান্ডের টপ অর্ডার!
অ্যাশেজ নিয়ে শঙ্কা কেটে গেছে। তবে অ্যাশেজে নিজেদের ব্যাটিং নিয়ে ইংল্যান্ডের শঙ্কা বেড়েই চলেছে। দুই দিন আগে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসও নিজেই এই শঙ্কার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দলের টপ ও মিডল অর্ডারের কয়েকজন ব্যাটসম্যানের পারফরম্যান্সে হতাশ বেলিস। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডেমিয়েন ফ্লেমিং কথাটা বলেছেন আরও নির্দয়ভাবে। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলা ইংলিশ টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের কয়েকজন তাঁর দেখা সবচেয়ে জঘন্য টেস্ট ব্যাটসম্যান!
৩-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটা জিতেছে ইংল্যান্ড। এমন জয়ের পরও অবশ্য ইংল্যান্ড কোচ বেলিস বলেছিলেন, ‘এখনো কিছু জায়গা আছে, যেখানে অনেক উন্নতি করতে হবে। আমরা আশা করছি, নতুন যারা সুযোগ পেয়েছে, তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।’
কথাটা দলের কয়েকজন ব্যাটসম্যানের দিকে ইঙ্গিত করে বলা। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল কিটন জেনিংসকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে যাঁর মাত্র দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল। মিডল অর্ডারে খেলেছেন এই সিরিজেই অভিষিক্ত টম ওয়েস্টলি ও ডেভিড ম্যালান। জেনিংস সিরিজের চারটি টেস্ট খেললেও ওয়েস্টলি আর ম্যালান খেলেছেন শেষ দুটি টেস্টে। তবে তিনজনের কেউই তেমন রান পাননি।
ফ্লেমিংয়ের চোখে নভেম্বরে হতে যাওয়া অ্যাশেজের আগে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা। অস্ট্রেলিয়ার হয়ে ২০টি টেস্ট ও ৮৮টি ওয়ানডে খেলা এই সাবেক পেসার কড়া সমালোচনা করেছেন এই তিনজনের টেকনিকের। এক সাক্ষাৎকারে মেলবোর্নের আরএসএন রেডিওকে বলেছেন, ‘জেনিংস এই সিরিজে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ১২৭ রান করেছে, গড় প্রায় ১৫। আমি টেস্টে ৯ নম্বরে ব্যাট করতাম। এ রকম গড় থাকলে আমি সন্তুষ্ট থাকতাম। কিন্তু সে তো ওপেনিং ব্যাটসম্যান। আমার ওর টেকনিকই পছন্দ হয়নি। ম্যালানও ৩৫ রান করেছে ৮ গড়ে।’
ওয়েস্টলি অবশ্য এই দুজনের মতো এত খারাপ করেননি। দুই টেস্টের চার ইনিংসে ১২২ রান করেছেন ৩০.৫০ গড়ে। তবে তিনজনের কাউকেই অ্যাশেজে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়ানোর মতো মনে করেন না ফ্লেমিং, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজটা দেখে বলছি, আমার দেখা কয়েকজন জঘন্য টেস্ট ব্যাটসম্যানের মধ্যে এরা থাকবে। অস্ট্রেলিয়ার খুব ভালো সুযোগ থাকছে এই টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার।’
তাহলে কি সামনের অ্যাশেজে কোনো সুযোগ নেই ইংল্যান্ডের? ফ্লেমিং এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন, ‘ওদের মিডল অর্ডারে কয়েকজন ভালো অলরাউন্ডার আছে। বেন স্টোকস তো ম্যাচ জেতানো অলরাউন্ডার। বেয়ারস্টো সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে ভালো উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে শুরুর ছয়জনের মধ্যে ওদের অন্তত তিনজন ভালো ব্যাটসম্যান লাগবে।’ রয়টার্স।