জঘন্য ছিল অস্ট্রেলিয়ার বোলিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল স্টার্ক উইকেটশূন্য ছিলেন। কিন্তু জস হ্যাজলউড সেটা পুষিয়ে দিয়েছেন ৬ উইকেট নিয়ে। প্যাট কামিন্সও একটি উইকেট নিয়েছেন। জেমস প্যাটিনসন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। ডানহাতি এই ফাস্ট বোলারের জায়গায় খেলতে নামা জন হ্যাস্টিংস নিয়েছেন ২ উইকেট। বোলিংয়ে যা করার সে তো পেসাররাই করেছেন। তবে পেসারদের এই পারফরম্যান্সে খুশি নন স্টিভেন স্মিথ। পেসারদের এই পারফরম্যান্স অস্ট্রেলিয়ার অধিনায়কের কাছে ‘সাধারণ’ আর অনেক দিনের মধ্যে ‘সবচেয়ে বাজে’।

স্টার্ক, হ্যাজলউড, কামিন্স আর প্যাটিনসনকে একসঙ্গে অস্ট্রেলিয়া দলে দেখে কারও কারও মনে পড়ছে সত্তরের দশকের ওয়েস্ট ইন্ডিজের চার পেসার অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট ও জোয়েল গার্নারের আগুন ঝরানো সেই বোলিংয়ের কথা। অথচ কিউই ব্যাটসম্যানদের সামনে অসহায়ই লাগছিল স্টার্ক, হ্যাজলউড আর কামিন্সকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পাওয়া উইলিয়ামসনকে তাঁদের কেউ ফেরাতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। উইলিয়ামসনের ব্যাটিংয়ে মুগ্ধ হলেও স্মিথ ভুলে যাচ্ছেন না নিজেদের বাজে বোলিংয়ের কথা, ‘কেন খুব ভালো টাইমিং করেছে। ইনিংসের মাঝের সময়টায় খুব ভালো খেলেছে। তবে এটাও ঠিক যে আমরা ভালো বোলিং করিনি।’ ক্যারিয়ার-সেরা বোলিং করে হ্যাজলউডও স্বীকার করেছেন, তাঁর নিজের বোলিংটাই আরও ভালো হতে পারত।

উইলিয়ামসন আউট হতেই নিজেদের কিছুটা ফিরে পান অস্ট্রেলিয়ার পেসাররা। হ্যাজলউডের ৬ উইকেটের পাঁচটিই উইলিয়ামসন আউট হওয়ার পর।  তবে বোলারদের পারফরম্যান্সে খুশি নন স্মিথ, ‘অনেক দিনের মধ্যে এটা আমাদের সবচেয়ে বাজে বোলিং। আমরা উইকেটের দুই দিকেই বল করেছি। সত্যি বলছি, এটা খুবই সাধারণ মানের ছিল।’ এএফপি।