জঙ্গুয়ের আগে মাত্র তিনজন!

মাত্র ২০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা লুক জঙ্গুয়ের। সংক্ষিপ্ত ক্যারিয়ারেই দারুণ এক কীর্তি গড়লেন জিম্বাবুয়ের পেসার। ওয়ানডেতে তার চেয়ে কম রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন মাত্র তিনজন। এ তালিকায় সবার ওপরে কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় কিংবদন্তি শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ রানে নিয়েছিলেন ৫ উইকেট! এর পর আছেন স্টুয়ার্ট বিনি ও সুনীল যোশি।
জঙ্গুয়ের দুর্দান্ত বোলিংয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এ জয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে ৫৮ রানে অল আউট করে দিয়ে সিরিজের তৃতীয় ম্যাচটা জিতে নিল ১১৭ রানে। আফগানিস্তানের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটি। ৬ রানে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন জঙ্গুয়ে।
টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৪৯ রানেই হারিয়ে ফেলল ৭ উইকেট। পাঁচ ম্যাচ সিরিজ তখন দুই ম্যাচ হাতে রেখেই জেতার স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কিন্তু হ্যামিল্টন মাসাকাদজা-গ্রায়েম ক্রেমারের ১০৪ রানের জুটিটি বাঁচিয়ে দেয় জিম্বাবুয়েকে। মাসাকাদজার ৮৩ ও ক্রেমারের ৫৮ রানে ভর করে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত অলআউট হয় ১৭৫ রানে।
তাড়া করতে নেমে এই রানটাকেই পাহাড় বানিয়ে ফেলেছেন আফগান ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারিয়ে যে ধস শুরু হয়েছিল তা আর থামেনি। অল আউট হয়ে যায় মাত্র ১৭.১ ওভারে! সূত্র: ক্রিকইনফো।