
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, এ চলচ্চিত্র দিয়ে ক্রিকেটারদের অনেকেরই মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর আত্মহত্যা নিয়ে মুখ খুলেছেন ভারত ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি। এই পেসার নিজেও নাকি বেশ কয়বার আত্মহত্যার কথা ভেবেছিলেন। কিন্তু সে হতাশা কাটিয়ে ফিরে এসেছেন। তাই সুশান্তের সঙ্গে আগে দেখা হলে সাহায্য করতে পারতেন বলে জানিয়েছেন শামি। কিন্তু শামির এখনো সাবেক না হওয়া স্ত্রী হাসিন জাহানের দাবি, ‘আবেগহীন শামির’ পক্ষে কখনোই আত্মহত্যার কথা ভাবা সম্ভব নয়। নিজের জনপ্রিয়তা বাড়াতেই নাকি এখন এসব বলছেন মোহাম্মদ শামি।
সুশান্ত রাজপুতের আত্মহত্যা নিয়ে বলতে গিয়ে আফসোস করে শামি বলেছিলেন, ‘মানসিক অবসাদ এমন বিষয়, যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুশান্ত সিং রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার এ কারণে চলে যাওয়াটা আমাদের জন্য দুর্ভাগ্যের। বারবার মনে হচ্ছে, আমি যদি ওর মানসিক যন্ত্রণার ব্যাপারে জানতে পারতাম! ও আমার বন্ধু ছিল। আমার যখন অমন অবস্থা ছিল, পরিবার আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল। তারা আমাকে মনে করিয়ে দিয়েছিল, আমাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে।’
স্ত্রীর সঙ্গে ঝামেলা ও চোট সমস্যার কারণে মাঝে বেশ বাজে সময় কাটিয়েছেন শামি। সে সময়ের কথা তুলে ধরেছেন এভাবে, ‘এমন অনেক সময় এসেছে, যখন আত্মহত্যার কথা মাথায় এসেছে। কিন্তু আমার পরিবার কখনই আমাকে একা থাকতে দেয়নি। সব সময় আমার সঙ্গে কথা বলেছে কেউ না কেউ। এসব ক্ষেত্রে আধ্যাত্মিকতাও অনেক সাহায্য করে। আপনজনের সঙ্গে কথা বললে বা কাউন্সেলিং নিলে অনেক উপকার হয়।’
কিন্তু এখনো বিচ্ছেদের অপেক্ষায় থাকা হাসিন বলছেন, সবই নাটক। সবাই যখন সুশান্তকে নিয়ে কথা বলছে, তখন আত্মহত্যার কথা বলে মানুষের আগ্রহের কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন শামি। আনন্দবাজারকে এই মডেল বলেছেন, ‘কিসের আত্মহত্যার চেষ্টা? শামির মতো লোক আত্মহত্যা করার কথা ভাববে? যাঁর আত্মসম্মান নেই, তিনি আত্মহত্যার কথা ভাবতে পারেন? ওর তো কোনো অনুশোচনাই নেই। শামি এসব করার লোক নয়। ও আসলে জনপ্রিয়তা বাড়ানোর জন্য এগুলো বলছে। অপরাধী মানসিকতার লোক কোনো দিন আত্মহত্যার কথা ভাবে না। এগুলো সবই সহানুভূতি কুড়ানোর চেষ্টা।’
কথা প্রসঙ্গে সুশান্তকে বন্ধু হিসেবে দাবি করেছেন শামি। এতেও আপত্তি দেখছেন হাসিন, ‘শামির কোনো বন্ধু নেই। আমি তো এত দিন ওর সঙ্গে থেকেছি। বলিউডে ওর কোনো বন্ধু নেই। সোনু সুদের সঙ্গেও ওর ফটো দেখলাম। এগুলো শামি একজনের পরামর্শে করছে। চেষ্টা করছে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের। সুশান্তের সঙ্গেও ওর বন্ধুত্ব ছিল না কোনো দিন। সালমান খানের সঙ্গে যে ছবি তুলেছে শামি, তা সবই টাকা দিয়ে। আসল লক্ষ্য প্রচার। জনপ্রিয়তা বাড়ানোর, সহানুভূতি আদায়ের চেষ্টা। যে আত্মহত্যা করার কথা ভাববে, সে পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে না? যে আত্মহত্যা করার কথা ভাববে, তার তো আবেগ থাকবে। সম্মান হানি হচ্ছে, ক্যারিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আদালতে যেতে হতে পারে, এই রকম অবস্থায় আবেগপ্রবণ লোক তো পরিবারের ভাঙন আটকাবে। কিন্তু শামি কি তা করেছে? বরং সেই সময় মিথ্যা দুর্ঘটনা সাজিয়েছিল নজর ঘোরানোর জন্য। ওর কিন্তু কোনো দুর্ঘটনাই হয়নি।’
এখানেই থামেননি হাসি। করোনাভাইরাসের সময়টায় দরিদ্র মানুষদের সাহায্য করেছেন শামি। সেটাও নাকি লোক দেখানো, এমনটাই বলছেন হাসিন। পরিস্থিতির তুলনায় শামি যা করেছেন, তার সবই হাস্যকর আর প্রচারের জন্য বলে আনন্দবাজারে কাছে দাবি করেছেন হাসিন।