জনসন ঠিকই মুখ চালাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ সাজিয়ে বিস্ফোরক ম্যাচের জন্য তৈরি সিডনি। ব্যাট-বলের সেই বিস্ফোরণ দেখা যাক না যাক, একটা ব্যাপার নিশ্চিতই—কথার বিস্ফোরণ হচ্ছেই কাল!
আইসিসি যতই হুমকি-ধমকি দিয়ে রাখুক, ভারতকে স্লেজিং করার অলিখিত একটা ঘোষণা দিয়েই রেখেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। আগেও বেশ কয়েকবার স্লেজিংয়ের কারণে সতর্কবাণীর সঙ্গে জরিমানা গুনেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে নিষেধাজ্ঞার ভয়ে ওয়ার্নার স্লেজিংয়ে যোগ না দিলেও ভারতীয়দের ছাড় দিতে রাজি নন মিচেল জনসন। দায়িত্বটা যেন সানন্দেই নিজের কাঁধে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হওয়া মানেই ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের পাশাপাশি কথার ঝাঁজে উত্তপ্ত ম্যাচও। এই সিডনিতেই সাত বছর আগে কুখ্যাত মাঙ্কিগেট কেলেঙ্কারিতে দুদলের সম্পর্ক নেমেছিল তলানিতে। একই মাঠে বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরেও তাই চড়ছে উত্তেজনার পারদ। আগের দিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার হুমকি দিয়েছেন, মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হোক না হোক, তপ্ত বাক্যবিনিময় হবেই। এ কাজে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি পারদর্শী নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার।
তবে বিশ্বকাপের আগে দুদলের টেস্ট সিরিজে স্লেজিংয়ের কারণে তাঁকে সতর্ক করা হয়েছিল, ত্রিদেশীয় সিরিজে গুনেছেন জরিমানাও। সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল তাই আভাস দিয়ে রাখলেন, এই ম্যাচে খুব বেশি মুখ খুলবেন না ওয়ার্নার। তবে ভারতীয়দের কোনো রকম ছাড় না দেওয়ার আগাম ঘোষণা মিচেল জনসনের, ‘শুনলাম ডেভি (ডেভিড ওয়ার্নার) বলেছে, সে ওসব কাজে জড়াবে না। কিন্তু কাউকে তো এটা করতে হবে, আমি দায়িত্বটা নিচ্ছি।’
কোয়ার্টার ফাইনালে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে শেন ওয়াটসনের বাগ্যুদ্ধের প্রসঙ্গটা টেনে জনসন বলছেন, ‘ওয়াটসন-ওয়াহাবের ঘটনাটি ছিল ভিন্ন রকমের। আমি তো মনে করি স্লেজিং খেলারই অংশ। রোমাঞ্চটা এতে আরও বাড়ে এবং সবাই রোমাঞ্চকর আরও একটা ম্যাচই দেখবে।’ রয়টার্স।