জনসনই ছিলেন ট্রটের 'ঘাতক!'

২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজ সিরিজ থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। তখন খবর এসেছিল, মানসিক অবসাদ-জনিত সমস্যায় তিনি অ্যাশেজ ছেড়েছেন। কিন্তু নিজের আত্মজীবনীতে চমকে যাওয়ার মতো একটা তথ্যই দিয়েছেন ট্রট। অবসাদ নয়, তাঁর অ্যাশেজ ছাড়ার মূল কারণ ছিলেন অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন। জনসনের ভয়াবহ পেস বোলিং ঠেকাতে ব্যর্থ হয়েই সিরিজ থেকে ‘পালিয়ে’ বেঁচেছিলেন তিনি।
আত্মজীবনীতে সেই সময়ের কথা বলতে গিয়ে ট্রট লিখেছেন, ‘ব্রিসেবেনে (সিরিজের প্রথম টেস্টের আগে) যাওয়ার পর আমার মনে হলো আমাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। মিচেল জনসনই হবে আমার ঘাতক।’
টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ট্রটের আত্মজীবনী ‘আনগার্ডেড’। এতে ট্রট তুলে ধরেছেন ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে সিরিজে জনসনের ফাস্ট বোলিংয়ের সামনে কতটা ‘অসহায়’, ‘চোখ ও হাত-পা বাঁধা’ অবস্থায় ছিলেন। দেশে ফিরে আসার আগে ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান গ্যাবায় দুবার জনসনের শিকার হয়েছিলেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বাঁ হাতি ফাস্ট বোলার জনসন তুলে নিয়েছিলেন ৩৭টি উইকেট।
ওই সিরিজে জনসনের মুখোমুখি হওয়ার স্মৃতিটা মোটেই সুখকর নয় ট্রটের, ‘ওরা জানত জনসন ওদের জন্য বিশেষ এক বোলার। ওরা এটাও জানত, আমি ফর্ম পেতে লড়ছি। মৃতপ্রায় এক জেব্রাকে ঘিরে রাখা একদল হায়েনার মতোই তারা আমাকে ঘিরে ধরল।’
তাহলে তো জনসনই শেষ করে দিয়েছেন ট্রটের ক্যারিয়ার। ২০১৫ সালে তিনি অবশ্য কিছুদিনের জন্য টেস্টে ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে পারেননি। তবে তাই বলে জনসনের প্রতি কোনো ক্ষোভ নেই ট্রটের। আত্মজীবনীতেই লিখেছেন, ‘কোনো একদিন আমি অবশ্যই জনসনের সঙ্গে হাত মেলাতে চাই। বলতে চাই, তুমি দুর্দান্ত বোলিং করেছিলে। আমার কোনো খেদ নেই। টেস্ট ক্রিকেট খুব কঠিন একটা জায়গা, ফলে সেও স্বাভাবিকভাবেই ছিল খুবই নিষ্ঠুর।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।