জনসনের অবসর-ভাবনা

পার্থেই কি তাঁর শেষ? নাকি অ্যাডিলেডে কিংবা তারপর আরও কিছুদিন?
জবাবটা নিজেও জানেন না মিচেল জনসন। শুধু জানেন, সবার ক্যারিয়ারেরই এমন একটা সময় আসে, যখন একদিন ঘুম থেকে উঠে মনে হয়—আর নয়! কিন্তু জনসনের ক্যারিয়ারে কি সেই সময়টা চলে এসেছে? জবাবটা অস্ট্রেলিয়ান পেসারের মুখেই শুনুন, ‘আমি আসলে এখন বেশির ভাগ দিনই এটা (অবসরের কথা) ভাবি। হয়তো সেই সময়টায় যাচ্ছি বলেই। সত্যি কথা বললে, প্রতিটি ম্যাচই আমি এমনভাবে খেলার এবং উপভোগ করার চেষ্টা করি, যেন এটাই আমার শেষ ম্যাচ। হয়তো ওই ম্যাচের পরই আমার মনে হবে, আর নয়!’
ভাবনা যেহেতু এসেছে, সেটা কিছুটা ডালপালাও হয়তো ছড়িয়েছে। তো কেমন বিদায়ের কথা ভাবেন জনসন? ঘরের মাঠে, নাকি অন্য কোথাও, অন্য কোনোভাবে? এই জায়গায় এসে জনসনের জবাবটা আবার অন্য রকম, ‘আরে ধুর, আমি এখনই এত আবেগতাড়িত বা ও রকম কিছু হচ্ছি না। এখনই তো আর অবসর নিচ্ছি না। তবে আমি ক্যারিয়ারটা শুরু করেছিলাম অস্ট্রেলিয়ায়, গ্যাবায় প্রথম টেস্ট খেলেছিলাম। অস্ট্রেলিয়াতেই শেষ করতে পারলে ভালো লাগবে। দেখা যাক, সেই সুযোগটা পাই কি না। কে জানে, সবাই তো এই সুযোগ পায় না।’
ভাবনাটা যতই আসুক, কিন্তু ওই যে বললেন ‘এখনই তো আর অবসর নিচ্ছি না, এটাই হয়তো বাস্তবতা। বয়স ৩৪ পেরিয়েছে সত্যি, কিন্তু এখনো অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বড় ভরসা জনসন। গত দুই বছরে টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট (২১ ম্যাচে ১০৫টি) বিশ্বের আর কোনো বোলার পাননি। এমন ফর্মে থাকা একজন কেন এখন অবসরের কথা ভাববেন!
ব্রিসবেনে আগের টেস্টেই নিউজিল্যান্ডকে যথেষ্ট ভুগিয়েছে জনসন-হ্যাজলউড জুটি। আজ শুরু দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়াকা বসে আছে বুকে বিশ্বের দ্রুততম উইকেট নিয়ে। জনসনেরও নিশ্চয়ই এটি খুব প্রিয় মাঠ। এখানে মাত্র ৬ টেস্ট খেলেই ৪২ উইকেট। অন্য কোনো মাঠে এর চেয়ে বেশি উইকেট পাননি। রয়টার্স।
ওয়াকায় সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা অবশ্য এখনো সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার (১২ ম্যাচে ৫২ উইকেট)। তাঁকে ছাড়িয়ে যাওয়ার জন্যও আপাতত অবসরের ভাবনাটা কিছুটা দূরে সরিয়ে রাখতে পারেন জনসন।