জনসনের ভাবনায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

হামিদ হাসান, দওলত ও শাপুর জাদরানদের পেস কতটা সামলানো গেল, উত্তর মিলবে আজই। তবে আজ সাফল্য আসুক বা না-ই আসুক, বাংলাদেশের ব্যাটসম্যানদের অপেক্ষায় আরও বড় পরীক্ষা। পরের ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া! ম্য্যাচটিও আবার ব্রিসবেনের গ্যাবায়, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ও বাউন্সি উইকেট হিসেবে পার্থের পরেই যে মাঠের নাম। বাস্তবতা মানলে, এই ম্যাচে বাংলাদেশের পাত্তা পাওয়ার সম্ভাবনা সামান্যই। তবে সবচেয়ে বেশি পরীক্ষা নিতে পারেন যিনি, সেই মিচেল জনসন কিন্তু একটুও হালকা করে দেখছেন না বাংলাদেশকে!
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ ওয়ানডেতে ব্যাট হাতে ২৪ বলে ৪১ করার পর বোলিংয়ে জনসন নিয়েছিলেন ৩ উইকেট। ২০১১ বিশ্বকাপের ঠিক পরের ওই সিরিজের ৩ ম্যাচেই বাংলাদেশকে অনায়াসে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দলে পালাবদলের সেই সময়টা পেরিয়ে অস্ট্রেলিয়া এখন আরও শক্তিশালী। বাংলাদেশের খুব বড় উন্নতি দৃশ্যমান তো নয়ই, বরং ব্রিসবেনের বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা হয়তো আছে মাশরাফিদের সুদূর কল্পনায়।
জনসন মানছেন, ব্রিসবেনে খেলা অস্ট্রেলিয়ার জন্য বড় একটা সুবিধা। তাই বলে বাংলাদেশকে ম্যাচের আগেই উড়িয়ে দিচ্ছেন না অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতা, ‘বাংলাদেশের দারুণ কিছু ক্রিকেটার আছে। গ্যাবায় খেলা অস্ট্রেলিয়ার জন্য বড় সুবিধা অবশ্যই। ওরাও জানে, বাউন্সি উইকেটে ওদের জন্য কী অপেক্ষা করছে। তবে তার মানে এই নয় যে এই ম্যাচ আমরা জিতেই গেছি। র্যাঙ্কিংয়ে ওরা আমাদের অনেক নিচে থাকতে পারে কিন্তু জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’
মেলবোর্নে বিশ্বকাপের উদ্বোধনী দিনে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে এসেছে ব্রিসবেনে। তবে বাজে আবহাওয়ায় প্রস্তুতি ঠিক জমছে না। বৃষ্টির কারণে অনুশীলন বন্দী ইনডোরেই। অস্ট্রেলিয়ার কম্পিউটার অ্যানালিস্টের তাতে ব্যস্ততা বাড়ছে খানিকটা। বাংলাদেশের ক্রিকেটারদের ভিডিও ফুটেজ দেখানো হবে সামনের কদিনের ইনডোর অনুশীলনে। তবে ভিডিও ফুটেজে খুব একটা আগ্রহ নেই জনসনের, ‘ওদের সঙ্গে শেষবার খেলেছি আমরা অনেক দিন আগে। ছেলেদের অনেকেই তাই হয়তো ওদের ফুটেজ দেখবে। তবে আমি ফুটেজ দেখতে খুব বেশি পছন্দ করি না। শুধু এই ম্যাচ বলে নয়, অনেকেই অনেক বেশি ফুটেজ দেখতে পছন্দ করে। কিন্তু আমার ভালো লাগে না। আমি মাঠে নেমেই পরখ করি প্রতিপক্ষকে।’
২১ ফেব্রুয়ারির এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরছেন মাইকেল ক্লার্ক। প্রথম ম্যাচে ফিফটির পরও তাই হয়তো একাদশের বাইরে যেতে হবে জর্জ বেইলিকে। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বিবর্ণ জশ হ্যাজলউডের জায়গায় একাদশে ফিরতে পারেন প্যাট কামিন্স। সে ক্ষেত্রে আরও গতিময় হবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ—জনসন-স্টার্ক-কামিন্স! আর গতিতে বরাবরই নড়বড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা। গ্যাবার ২২ গজ তাই বাংলাদেশের জন্য সাজিয়ে রাখবে কাঁটার শয্যা! ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট।