জনসনের মনস্তাত্ত্বিক খেলা চলবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

বক্সিং ডে টেস্ট শুরুর আগে এটাকে মিচেল জনসনের আরও একটা হুংকার বলতে পারেন। কিংবা বলা যায়, আরও একবার মাঠে নামার আগে ভারতীয় ব্যাটসম্যানদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা। কাজটা জনসন করছেন একেবারে ঘোষণা দিয়ে। ভিডিও প্রকাশ করে জানিয়ে দিলেন, ব্যাটসম্যানদের সঙ্গে মাঠে তাঁর মনস্তাত্ত্বিক লড়াই চলবেই, সঙ্গে চলবে শর্ট পিচ ডেলিভারিও। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করার এটাই নাকি তাঁর বড় অস্ত্র।
খুব সম্প্রতি ‘মিচেল জনসন: বাউন্সিং ব্যাক’ নামে একটা ডিভিডি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। ডিভিডিটা মূলত ২০১১ সালের দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়ার পর দারুণভাবে তাঁর ক্রিকেটে ফিরে আসা এবং সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার গল্প নিয়ে। সেখানেই নিজের সাফল্যের গোপন রহস্যটা জানিয়েছেন জনসন, ‘আপনি যদি ব্যাটসম্যানের মাথার মধ্যে ঢুকতে পারেন, তাকে বলে দিতে পারেন যে, ওর পা ঠিকঠাক নড়ছে না, তখন সে এটা নিয়ে ভাবতে শুরু করবে। তারপর আপনি একটা শর্ট বল দেবেন ওকে। চিন্তাটা তখন ওর মাথার মধ্যে আরও জেঁকে বসবে। আমি এই খেলাটা পছন্দ করি। এটা দারুণ। ব্যাটসম্যানদের সঙ্গে এই মনস্তাত্ত্বিক খেলা চলবেই।’ তবে এই কাজটা যে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে করতে হয় সেটা জানেন অস্ট্রেলিয়ান পেসার, ‘ব্যাটসম্যানের মাথার ভেতর ঢোকার জন্য মাঠে আমরা অনেক রকম কথাই বলি। ফুটওয়ার্ক নিয়ে কথা বলি, শর্ট বল দেব বলে ভয় দেখাই। এ সবই খেলা। টিভিতে দেখে মাঝেমধ্যে অন্যকিছু মনে হতে পারে। মনে হতে পারে আমরা একে অন্যের প্রতি একটু রূঢ় আচরণ করছি। কিন্তু আমরা সব সময় চেষ্টা করি ব্যাপারটা যেন সীমার মধ্যে থাকে।’

এই একই খেলা খেলে কীভাবে অ্যাশেজে একের পর এক জোনাথন ট্রট, মাইকেল কারবেরি আর অ্যালিস্টার কুককে কাঁপিয়ে দিয়েছিলেন ভিডিওতে সেই গল্পটাও শুনিয়েছেন জনসন, ‘সিরিজ শেষে ইংল্যান্ডকে প্রায় বিধ্বস্ত মনে হচ্ছিল। সিডনিতে শেষ টেস্টে অ্যালিস্টার কুক যখন আউট হলো, মনে হলো সে আউট হয়েই স্বস্তি পেয়েছে। ওর মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল।’

তবে বক্সিং ডে টেস্টের আগে জনসনের এমন ডিভিডি প্রকাশ করাটাও একধরনের মনস্তাত্ত্বিক খেলা বলেই মনে করছেন অনেকে। অ্যাশেজে তাঁর সেই খুনে চেহারাটা আরও একবার দেখার পর, এই কথাগুলো শুনে মাঠে জনসনের সামনে দাঁড়ানো কিছুটা কঠিন হতে পারে বৈকি! ক্রিকইনফো।