
ছুটির সকালে একটু দেরিতে যাঁরা টিভি খুলেছেন, স্কোর দেখে নিশ্চয়ই ধন্দে পড়ে গেছেন? আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারা উইকেটে, কিন্তু স্কোরকার্ড বলছে ৬ উইকেট নেই ভারতের!
ধন্দে তাঁরাও পড়েছিলেন, ভোরে টিভিতে চোখ রেখে যাঁরা দেখেছেন প্রথম বল থেকে। দিনের শুরুতে ধাওয়ান নন, পূজারার সঙ্গে ব্যাটিংয়ে নামলেন বিরাট কোহলি!
দিনের গতি-প্রকৃতি আর ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেল যেন তাতেই। সকালে গ্যাবার অনুশীলন উইকেটে ব্যাটিং করতে গিয়ে হাতে চোট পান ধাওয়ান। আসল চোট লাগে ভারতের ব্যাটিং অর্ডারে। ৫-৬ মিনিটের নোটিশে দিনের সূচনায় নামতে হয় কোহলিকে। আগের টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান উইকেটে যেন হারিয়ে খুঁজতে থাকলেন নিজেকে। ওদিকে মিচেল জনসন ফিরে পেলেন নিজেকে। আগের দিন কথার খোঁচায় জনসনকে তাতিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই এখন পস্তাচ্ছেন রোহিত শর্মা! ব্যাট হাতে সেটির ঝাল যথেষ্টই মিটিয়েছেন। কাল বল হাতেও জনসন ছুড়লেন একের পর এক গোলা। তাতে পুড়ে ছারখার ভারত। ১২৮ রান তাড়ায় ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে স্কোরকার্ড যেমনটি বলছে, জিততে ততটা ঘাম ঝরাতে হয়নি অস্ট্রেলিয়াকে। শেষ দিকে অযথা তাড়াহুড়ায় গোটা তিনেক উইকেট খুইয়েছে অস্ট্রেলিয়া, ভারতের পরাজয় তাতে পেয়েছে ‘লড়াকু হারের’ মর্যাদা। নেতৃত্বের অভিষেকে ভবিষ্যৎ পথচলার চমৎকার প্রামাণ্যচিত্র দেখিয়ে স্টিভেন স্মিথের সঙ্গী জয়ের পুষ্পস্তবক, যেটিতে সবচেয়ে নজরকাড়া ফুল নিজের ম্যাচসেরার পুরস্কার।
অথচ ম্যাচের প্রথম দিনটি ছিল পুরোপুরি ভারতের। পরের দুই দিনে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ভারত ম্যাচে ছিল ভালোভাবেই। শেষ দিনে তো রান তাড়া করতে হতো অস্ট্রেলিয়াকেই। কিন্তু এক দিনেই উল্টে যাওয়া ছকে ম্যাচ শেষ দিনেই গেল না। এই নিয়ে গ্যাবায় সর্বশেষ ১১ ম্যাচের ৭টিই দেখা পেল না শেষ দিনের। মূল কারণ গ্যাবার উইকেট। গতি-বাউন্স থাকলেও প্রথম ৩ দিন তবু উইকেট অনেকটা ব্যাটিং সহায়ক থাকে, কিন্তু চতুর্থ দিন থেকে গতিময় হয়ে যায় আরও, হাঁ করে তাকিয়ে থাকে বড় বড় ফাটলও।
ব্যাটিং অর্ডারের স্থিতিশীলতা নড়ে যাওয়া ভারতের ব্যাটিং বিপর্যয়ের একটা কারণ বটে। তবে সেটি কেবল কোহলির অজুহাত হিসেবেই মানায়, বাকিরা? জনসনের গতি ও বাড়তি বাউন্সের জবাব জানা ছিল না রাহানে-রোহিতের। কোহলিকে ফেরানোর পর এক ওভারে রাহানে ও রোহিতকে ফিরিয়েছেন জনসন। অমন সময় উইকেট গিয়ে দ্বিতীয় বলেই ক্রস ব্যাটে যে শট খেললেন ধোনি, অধিনায়ক হিসেবে খুব ভালো দৃষ্টান্ত নয় অবশ্যই। ২০ বলের এক ঝড়ে ১ উইকেটে ৭৬ থেকে ভারত ৫ উইকেটে ৮৭! ম্যাচ আদতে শেষ ওখানেই। পূজারা একপাশ আগলে ছিলেন, হ্যাজলউডের বাড়তি বাউন্সের শিকার তিনিও। ধাওয়ান পরে ফিরেছেন, অষ্টম উইকেটে উমেশ যাদবকে নিয়ে ৬০ রানের জুটিতে লিড নিয়ে গেছেন এক শর ওপারে। ভারত ম্যাচ বাঁচাতে না পারলেও ৮১ রানের ইনিংসে পরের টেস্টে নিজের জায়গা বাঁচিয়ে ফেলেছেন ধাওয়ান।
চোট নিয়ে লড়িয়ে ইনিংসটির জন্য স্তুতির পাশাপাশি অনেক প্রশ্নও সঙ্গী ধাওয়ানের। দলের উইকেট পড়ার মড়কে খেলা শুরুর ঘণ্টা খানেকের মধ্যে নামতে হয়েছে ধাওয়ানকে। যেভাবে ব্যাটিং করেছেন, পরে ফিল্ডিংও করেছেন শুরু থেকে পুরোটা...অস্বস্তির লেশমাত্র চোখে পড়েনি। চোট নিশ্চয়ই তাহলে অত গুরুতর ছিল না যাতে শুরুতে নামতে পারলেন না!
মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর ভারতের শেষ উইকেটিও নিলেন জনসন। স্মিথের অযথা রানআউট আর শন মার্শ, হাডিনরা উইকেট ছুড়ে আসায় মাঠে থেকেই জয়ের সাক্ষী হতে পারলেন জনসন।
কালকের চিত্রনাট্যের দাবিই ছিল হয়তো এটি! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।