জন্টি-কন্যাও যখন কোহলির ভক্ত

যতই দিন যাচ্ছে, বিরাট কোহলির ভক্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। যে আনন্দদায়ী ক্রিকেট খেলেন, তাতে অমনটাই হওয়ার কথা। তবে নতুন যে ভক্তের খবর পেলেন, তাতে কোহলিও আত্মতৃপ্তিতে ভোগারই কথা। জন্টি রোডসের দুই বছরের কন্যাও যে পুতুল খেলা বাদ দিয়ে মেতেছে কোহলির ব্যাটিংয়ে!
ফিল্ডিংকে অন্য উচ্চতায় তুলে দেওয়া জন্টি রোডস এখন বছরের অনেকটা সময়ই কাটান ভারতে। দেশটির সংস্কৃতি আর বৈচিত্র্যকে ভালোবেসে মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া রোডস। বাবার পথ ধরে কন্যাও দেখাচ্ছে ভারতপ্রীতি। অন্তত কোহলি-প্রীতি তো বোটেই। কাল টুইটারে ইন্ডিয়ার একটি ছবি দিয়েছেন জন্টি। কোহলির এক পোস্টার ছুঁয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া। ছোট্ট ওই মায়ামাখা মুখে মিষ্টি হাসিটাই বুঝিয়ে দিচ্ছে, কোহলিকে দেখে কত খুশি সে।
ওই ছবির সঙ্গে বাবা জন্টির লেখাতেও সে ছাপ, ‘দেখে মনে হচ্ছে কোহলির আরেকজন ভক্ত বাড়ল। অবশ্য ইন্ডিয়ারও দোষ নেই (কোহলির ভক্ত হওয়া)।’ এত সুন্দর একটা ছবি দেখে কোহলিও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন জন্টির। সে সঙ্গে ভক্তকে একটা প্রশ্নও করেছেন ভারত অধিনায়ক, ‘কী মিষ্টি! ওর ওই ছোট্ট ব্যাগে কী আছে কে জানে?’
ইন্ডিয়ার হয়ে জন্টি কী উত্তর দেন, সেটা জানার অপেক্ষায় এখন সবাই।