জন্মদিনে আফ্রিদির উপহার 'ডাক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে ‘ডাক’ উপহার দিলেন আফ্রিদি। ছবি: এএফপি
জন্মদিনে ‘ডাক’ উপহার দিলেন আফ্রিদি। ছবি: এএফপি

১৯৯৬ সালে কেনিয়ায় ত্রিদেশীয় সিরিজে চোট পাওয়া মুশতাক আহমেদের বদলে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অনূর্ধ্ব-১৯ দল থেকে উড়িয়ে আনা হলো ১৬ বছর বয়সী এক লেগ স্পিনারকে। ক্রিকেট-বিশ্বকে চমকে দিলেন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নেমেই ৩৭ বলে সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি! সেই আফ্রিদি আজ পা দিলেন ৩৫-এ।

জন্মদিনে ব্যাটিংটা হলো খুব বাজে। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দুই মিনিট ছিলেন উইকেটে। খেলেছেন মোটে দুই বল। শন উইলিয়ামসের বলে বোল্ড হওয়ার আগে নামের পাশে ডাকছে ‘ডাক’! অল্পের জন্য হয়নি ‘গোল্ডেন ডাক’! ওয়ানডেতে সবচেয়ে বেশি ‘ডাক’ সনাৎ জয়াসুরিয়ার। আফ্রিদির সেখানে ৩০টি। যেহেতু আগেই জানিয়েছেন, এই বিশ্বকাপই শেষ ওয়ানডে টুর্নামেন্ট। ফলে জয়াসুরিয়ার রেকর্ডটা হয়তো ‘ভাঙা’ হবে না আফ্রিদির!
১৯৮০ সালের ১ মার্চ পাকিস্তানের খাইবার অঞ্চলে জন্ম নেওয়া আফ্রিদির ব্যাটিং নিয়ে আছে প্রচুর সমালোচনা। সমালোচকদের খাতায় খারাপ নাম্বার পেলেও দর্শক-সমর্থকের খাতায় বরাবারই ‘এ-প্লাস’! ‘আপনি কার খেলা দেখতে মাঠে যান?’—পাকিস্তানের দর্শক-সমর্থকের ওপর যদি এমন জরিপ করা হয়, সবাইকে টপকে শীর্ষে থাকবেন আফ্রিদিই। ক্রিকেটীয় প্রতিভা, কীর্তি অর্জনে ঢের এগিয়ে থাকবেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরা। কিন্তু দর্শকপ্রিয়তায় আফ্রিদির ধারেকাছেও যে তাঁরা নেই! পাকিস্তানের রাস্তাঘাট, বিলবোর্ড, টিভি বিজ্ঞাপন—সব জায়গায়ই আফ্রিদির একচেটিয়া দাপট। শ্যাম্পু, ব্যাংকিং থেকে শুরু করে ত্বক ফরসাকারী ক্রিম, এমনকি বাচ্চাদের চুইংগামের বিজ্ঞাপনে আফ্রিদির জয়জয়কার। ক্যারিয়ারের শুরুতেই ৩৭ বলে সেই সেঞ্চুরিটার কারণেই কিনা আফ্রিদির বোলিংয়ের চেয়ে ব্যাটিং দেখাটাই উপভোগ্য হয়ে উঠল দর্শকের কাছে। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ছক্কার (৩৪৬) মালিকের নাম হলো ‘বুম বুম’ আফ্রিদি!
৩৯৪ ম্যাচে ৭৯৯৮ রান ও ৩৯৩ উইকেটে নেওয়া আফ্রিদির দারুণ সুযোগ ক্যারিয়ারের শেষ বেলায় এসে দর্শকদের ভালোবাসার প্রতিদানে কিছু করা। এ বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে ছক্কার বৃষ্টি কিংবা বল হাতে দুর্দান্ত ঘূর্ণিজাদুই আশা করেছিল দর্শকেরা। এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি। অবশ্য পারফরম্যান্স বলার মতো না হলেও এরই মধ্যে জড়িয়েছেন নানা বিতর্কে। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়াতে আরও কিছু ম্যাচ হাতে পাবেন। তুলির শেষ আঁচড়টা আফ্রিদি কতটুকু দিতে পারেন, সেটিই দেখার।