জন্মভূমির বিপক্ষে...

ছেলে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলছে, জেরার্ড স্টোকস ও ডেব স্টোকস দম্পতির পুত্রের সাফল্যকামনায় গলা ফাটানোর কথা। কিন্তু কাল ক্রাইস্টচার্চের বাসায় বসে বেন স্টোকসের ব্যাটিং যখন দেখছিলেন, ইংলিশ ক্রিকেটারের বাবা-মা মন থেকে সেটা করতে পারেননি।
জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে তাঁরা ইংল্যান্ডকে সমর্থন দেন!
ইংলিশ অলরাউন্ডার স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। পরে পাড়ি জমান ইংল্যান্ডে, খেলাও শুরু করেছেন তাদের হয়েই। কাল ক্যারিয়ারের দশম টেস্টে প্রথমবারের মতো নেমেছেন জন্মভূমির বিপক্ষে। সাবেক পেসার অ্যান্ড্রু ক্যাডিক ছাড়া এই বিরল ঘটনা আর কারও ক্যারিয়ারে নেই। তবে স্টোকসের বাবা-মায়ের জন্য ব্যাপারটা যে কঠিন সেটা স্বীকার করলেন বাবা জেরার্ডই, ‘অদ্ভুত একটা অনুভূতি। বেন যে দলের হয়েই খেলেছে, আমাদের সমর্থন গেছে সেখানেই। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় ওটা আমরা করতে পারছি না। আমাদের সমর্থন নিউজিল্যান্ডকেই। কিন্তু মনেপ্রাণে আমরা চাই ও ভালো করুক।’
ছেলেকে যেন দোটানায়ই ফেলে দিলেন বাবা, ‘সে নিজেকে ইংলিশই মনে করে, এসব নিয়ে খুব একটা কথা বলে না। কিন্তু আমরা ওকে মনে করিয়ে দিই ওর শরীরে নিউজিল্যান্ডের রক্ত বইছে।’ রসিক স্টোক সিনিয়র মনে করেন, ম্যাচটা ড্র হলেই সবার জন্য মঙ্গল! স্টাফডটকোডটএনজেড।