জবাব ছিল না পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার-সেরা বোলিংয়ে দল জেতানোর পর শ্যানন গ্যাব্রিয়েল l টুইটার
ক্যারিয়ার-সেরা বোলিংয়ে দল জেতানোর পর শ্যানন গ্যাব্রিয়েল l টুইটার

ব্রিজটাউন টেস্টে জেতার পথে যেন দশের প্রেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক দিনের জন্য হলেও ক্যারিবীয় পেসাররা ফিরিয়ে এনেছেন আশির দশক। ভাগাভাগি করে তুলে নিয়েছেন পাকিস্তানের ১০ উইকেট। টেস্টের শেষ দিনে এসে পেসাররা প্রতিপক্ষের ১০ উইকেটই তুলে নিয়েছেন, এমন ঘটনা গত ১০ বছরে একবারও দেখেনি টেস্ট ক্রিকেট। আর এমন বিরল ঘটনায় টেস্টে নিজেদের দশম সর্বনিম্ন স্কোরে শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে কম রানে অলআউটের দৌড়েও এ ইনিংসটির স্থানে দশে!
দশের গল্প ফেলে পাঁচেও নজর ফেরাতে হচ্ছে। ১৮৭ তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হওয়ার দায়টা যে পঞ্চম দিনের উইকেটেরই দেখছেন পাকিস্তান অধিনায়ক। পঞ্চম দিনের পিচে ব্যাটিংটা যে কঠিন হবে সেটা মিসবাহ-উল-হক জানতেন, ‘সোজা কথায় এটা ছিল পঞ্চম দিনের পিচে ব্যাটিংয়ের পরীক্ষা। প্রথম দিন থেকেই জানতাম পিচটা ক্রমশ খারাপ হবে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে আমাদের আরও বড় লিড নেওয়া উচিত ছিল।’
ব্যাটিংয়ের কাজটা কঠিন করে তোলার কথা ছিল দেবেন্দ্র বিশু কিংবা রোস্টন চেজদের। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট পেয়ে ইয়াসির শাহ জানিয়ে দিয়েছিলেন, এই উইকেটে ভয়ংকর হয়ে উঠতে পারেন স্পিনাররা। কালচে হয়ে আসা পিচে পাকিস্তানের সামনে বড় পরীক্ষাই অপেক্ষা করছিল। কিন্তু ওয়েস্ট স্পিনাররা বল হাতে নেওয়ার সুযোগ পাননি! তিন পেসার শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার ও আলজারি জোসেফই পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন। এমন আগ্রাসী বোলিংয়ের জবাব পাকিস্তানের কাছে ছিল না, স্বীকার করে নিয়েছেন মিসবাহ, ‘শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ হৃদয় উজাড় করে বল করেছে, আমাদের কাছে এর কোনো জবাব ছিল না।’
১০৬ রানের জয়ে সিরিজে ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হোল্ডার তাই উচ্ছ্বসিত, ‘এটা আসলে ছিল ধৈর্যের পরীক্ষা। আমাদের ঠিক লেংথে বল করতে হয়েছে, সুযোগমতো কাটার, ক্রস সিমে বল ফেলেছি। পিচের সুবিধা নেওয়া যাবে এমন সবকিছুই করেছি। অবশ্যই আমাদের জন্য ভালো একটা ম্যাচ। আমার মনে হয়েছিল, ১৭০ রানের বেশি লক্ষ্য দিলেই পঞ্চম দিনের পিচে খুব ভালো সুযোগ থাকবে। পিচটা যেভাবে খারাপ হচ্ছিল!’ তবে জয়ের নায়ক গ্যাব্রিয়েল অধিনায়কের চেয়েও ছিলেন আত্মবিশ্বাসী। মাত্র ১১ রানে ৫ উইকেট পাওয়া ফাস্ট বোলারের দাবি, দল ২০ রান কম করলেও সমস্যা ছিল না, ‘জানতাম ১৫০ রানের বেশি লিড হলেই আমাদের সুযোগ থাকবে। আমি শুধু সঠিক জায়গায় জোরে বল করার চেষ্টা করেছি।’
কয়েকটি ক্যাচ হাতছাড়া হয়েছে। তবে অধিনায়কের আফসোস শাই হোপ সেঞ্চুরিবঞ্চিত হওয়ায়। হোপের ৯০ রানের ইনিংসেই লক্ষ্যটা ১৮৮ পর্যন্ত উঠেছে। এমন এক দিনে এই একটি অতৃপ্তি হোল্ডারের, ‘ওর ইনিংসটা অসাধারণ ছিল। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ফিফটি পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরিটা করতে পারল না, সেটা ওর প্রাপ্য ছিল, কিন্তু ক্রিকেট এমনই।’ ক্রিকইনফো, এএফপি।