জবাব দিচ্ছে ভারত

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৭ রান করে ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া আজ বল হাতে মাঠে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিরোধের মুখেই পড়েছে। তৃতীয় দিন শেষে স্কোর বোর্ডে ভারতের রান উঠেছে ৫ উইকেটে ৩৬৯।
ভারতীয় ইনিংস ধন্য অধিনায়ক বিরাট কোহলির সপ্তম টেস্ট সেঞ্চুরিতে। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে আজ কোহলি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। কোহলির আগে এই কৃতিত্ব আছে তিন ভারতীয় গ্রেট বিজয় হাজারে সুনীল গাভাস্কার ও দিলীপ ভেংসরকারে।
কোহলির ১১৫ রানের ইনিংসটি আসে ১৮৪ বল খেলে। ১২টি চারে সাজানো তাঁর এই ইনিংসটির সমাপ্তি ঘটে মিচেল জনসনের বলে রায়ান হ্যারিসের হাতে ধরা পড়ে। ইনিংসের একপর্যায়ে জনসনের এক ভয়ংকর বাউন্সার আঘাত করে তাঁর হেলমেটে। কিন্তু লক্ষ্যে অবিচল কোহলি এতে বিচলিত হলেও দুর্বল হননি।
কোহলির সঙ্গে আজ উজ্জ্বল ছিলেন ভারতের অন্য টপ-অর্ডাররাও। উদ্বোধনী ব্যাটসম্যান মুরলি বিজয়ের ব্যাট থেকে এসেছে ৫৩ রান। চেতেশ্বর পূজারা আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছেন বিদেশের মাটিতে তাঁর সর্বোচ্চ টেস্ট-সংগ্রহটি (৭৩)। অজিঙ্ক রাহানেও কম যান না। তিনি তাঁর খাতায় তুলেছেন ৬২ রান।
দিনশেষে অপরাজিত আছেন রোহিত শর্মা ও ঋদ্ধিমান সাহা। রোহিত ৩৩ আর ঋদ্ধি ব্যাট করছেন ১ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট তুলে নিয়েছেন মিচেল জনসন ও নাথান লায়ন। অপর উইকেটটি রায়ান হ্যারিসের।
ভারতীয় ইনিংসের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। দলীয় ৩০ রানেই ওয়ানডে স্টাইলে ব্যাট চালানো শিখর ধাওয়ান আউট হন, ব্যক্তিগত ২৫ রানে। হ্যারিসের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন ধাওয়ান।
দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারার মধ্যে গড়ে ওঠে ৮১ রানের এক জুটি। জনসনের ১৪৫ কিলোমিটার বেগের এক বলে উইকেটরক্ষক হাডিনের হাতে ধরা দেন মুরলি বিজয়। পূজারাও বোল্ড হন। তাঁর উইকেটটি নেন নাথান লায়ন। আউট হওয়ার আগে অবশ্য অধিনায়ক কোহলির সঙ্গেও ৮১ রানের জুটি গড়েছিরেন পূজারা। এই দুই জুটি দারুণ শক্ত ভিত্তি দেয় ভারতীয় ব্যাটিংকে। এর ওপর দাঁড়িয়েই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে।
রাহানের সঙ্গে কোহলির জুটিটি ছিল ১০১ রানের। লায়নের একটি লাফিয়ে ওঠা বলে রাহানের গ্লাভসে লেগেই ক্যাচ উঠে যায়। স্লিপ থেকে দৌড়ে এসে তা ধরেন শেন ওয়াটসন। কোহলি ফেরেন জনসনের বলে ডিপ ফাইন লেগে হ্যারিসকে ক্যাচ দিয়ে।
তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের রানের পার্থক্য ১৪৮। বাকি ৫ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহের কতটা কাছে ভারত যেতে পারবে, তা কিন্তু পুরোপুরিই নির্ভর করছে রোহিত-ঋদ্ধি জুটির ওপর। সূত্র: স্টার স্পোর্টস, রয়টার্স।